কাউন্সিলর নীলা তিন দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুয়েল হত্যা মামলায় সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ওরফে নীলাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তিনি সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত৷
জান্নাতুল ফেরদৌসকে গতকাল দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. যাবিদ হোসেনের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ৷ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান।
জান্নাতুল ফেরদৌস নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর। তাঁরা বাবা আবদুল মোতালেব আওয়ামী লীগের একটি ওয়ার্ড কমিটির নেতা।
গত রোববার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বাড়ি থেকে জান্নাতুলকে গ্রেপ্তার করা হয়। এর আগে সাত খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি এবং মামলার তদন্তকারী কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, ২০১৩ সালের ২৭ অক্টোবর থানার আজিবপুর এলাকায় জুয়েল নামের এক ব্যক্তির গলাকাটা লাশ পাওয়া যায়। ওই ঘটনায় পুলিশ সোহাগ ও মনা নামের দুজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তাঁরা ওই হত্যাকাণ্ডের সঙ্গে সংরক্ষিত কাউন্সিলর জান্নাতুলের জড়িত থাকার কথা বলেন৷ দুই আসামির স্বীকারোক্তি অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযোগ রয়েছে, জান্নাতুল সিদ্ধিরগঞ্জের মাদক ব্যবসার অন্যতম নিয়ন্ত্রক৷ মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরেই তাঁর পরিকল্পনায় খুন হন অংশীদার জুয়েল। জুয়েল হত্যা মামলায় গ্রেপ্তারকৃত চার যুবকের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন৷ এঁদের দুজন হত্যার পরিকল্পনাকারী হিসেবে কাউন্সিলর জান্নাতুলের নাম বলেন। অভিযোগ রয়েছে, এর পরও নূর হোসেনের ঘনিষ্ঠ হওয়ায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে গ্রেপ্তার না করতে থানা-পুলিশকে নির্দেশ দিয়েছিলেন৷