কাউন্সিলর নূর হোসেনের ছেলের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেনের বড় ছেলে বিপ্লব হোসেন (২২) আত্মহত্যা করেছেন। গত শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে নূর হোসেনের বাড়িতে ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় বিপ্লবের লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, নূর হোসেনের প্রথম স্ত্রীর ছেলে বিপ্লব দীর্ঘ দিন ভারতের দার্জিলিংয়ে পড়াশোনা করে কয়েক বছর আগে দেশে ফেরেন। প্রেমঘটিত বিষয় নিয়ে শনিবার রাতে বাবা নূর হোসেনের সঙ্গে বিপ্লবের বাগিবতণ্ডা হয়। এ ঘটনায় বাবার সঙ্গে অভিমান করে বিপ্লব তাঁর ঘরের ফ্যানের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ঝুলে পড়েন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে কাঁচপুরের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে বিপ্লবকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
গত রোববার সকালে সিদ্ধিরগঞ্জ ট্রাক টার্মিনালে বিপ্লবের জানাজা হয়। পরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। এদিকে বিপ্লবের মৃত্যুর খবরে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, বিপ্লব ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।