কাউন্সিলর পদ থেকে অপসারিত হতে যাচ্ছেন নূর হোসেন!
নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেন (ভারতের কারাগারে বন্দী) ও তাঁর ভাতিজা সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহ্জালাল বাদল কাউন্সিলর পদ থেকে অপসারিত হচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইনে মেয়র ও কাউন্সিলর অপসারণ প্রসঙ্গে ১৩-এর (ক) ও (খ) ধারায় উল্লেখ আছে, যুক্তিসংগত কারণ ব্যতিরেকে সিটি করপোরেশনের পর পর তিনটি মাসিক সভায় অনুপস্থিত থাকলে কাউন্সিলর পদ থেকে অপসারণযোগ্য হবেন। কেউ নৈতিক স্খলনজনিত অপরাধে আদালত কর্তৃক দণ্ডিত হলে তিনিও অপসারণযোগ্য হবেন। নূর হোসেন ও শাহ্জালাল বাদল সিটি করপোরেশনের পরপর চারটি মাসিক সভায় অনুপস্থিত রয়েছেন। এ ছাড়া অবৈধভাবে বিরল প্রজাতির বন্য প্রাণী সংরক্ষণের দায়ে আদালত নূর হোসেনকে এক বছরের কারাদণ্ডও দিয়েছেন। এ কারণে আজ সোমবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পূর্বনির্ধারিত মাসিক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে সিটি করপোরেশনের একটি সূত্র নিশ্চিত করেছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সাত খুনের ঘটনার আগেই গত ৩০ মার্চ নূর হোসেন চিকিৎসার জন্য ভারতে যেতে এক মাসের ছুটি চেয়ে সিটি করপোরেশনের মেয়র বরাবর আবেদন করেন। মেয়র আবেদনটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য পাঠান। তাঁর ছুটির আবেদন মঞ্জুর না করে গত ১৭ এপ্রিল ওই মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জসীম উদ্দিন হায়দার স্বাক্ষরিত চিঠিতে, সিটি করপোরেশনের কাউন্সিলরদের বিদেশ গমনের ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার পুলিশ প্রত্যয়নপত্র, অনাপত্তিপত্র ও গত এক বছরের বিদেশ ভ্রমণের বিবরণী চেয়ে চিঠি দেওয়া হয়। গত ২২ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার স্বাক্ষরিত অপর এক চিঠিতে জরুরি ভিত্তিতে নূর হোসেনের কাছে সংশ্লিষ্ট থানার পুলিশ প্রত্যয়নপত্র, অনাপত্তিপত্র দাখিল করার অনুরোধ জানানো হয়। কিন্তু নূর হোসেন পুলিশ প্রত্যয়নপত্র, অনাপত্তিপত্রসহ কোনো কিছুই জমা দেননি। এর পর থেকে নূর হোসেন সিটি করপোরেশনের পর পর চারটি মাসিক সভায় অনুপস্থিত রয়েছেন।
গেজেট অনুযায়ী পরপর তিনটি মাসিক সভায় অনুপস্থিত থাকলে কাউন্সিলরদের অপসারণ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে মেয়র সেলিনা হায়াৎ আইভী জানান, এ বিষয়ে মাসিক সভায় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। বিধি মোতাবেক সেই সিদ্ধান্ত মন্ত্রণালয়ে পাঠানো হবে।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এরপর ৩০ এপ্রিল বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নজরুলের পরিবার অভিযোগ করে, নূর হোসেন র্যাবকে ছয় কোটি টাকা দিয়ে তাঁদের অপহরণের পর হত্যা করেছেন। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় নূর হোসেনকে প্রধান আসামি করে নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম হত্যা মামলা করেন।