রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে এক কাউন্সিলর পদপ্রার্থীর বিরুদ্ধে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে।
ওই কাউন্সিলর পদপ্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গত শনিবার এক হাজারের বেশি নারী-পুরুষ ঝাড়ুমিছিল করেছেন। তাঁরা আঞ্চলিক নির্বাচন কার্যালয় ঘেরাও করেন। পরে তাঁরা নির্বাচন কর্মকর্তা ও পুলিশ কমিশনারের বরাবর লিখিত অভিযোগ দেন।
নির্বাচন কার্যালয়ের পক্ষ থেকে ওই কাউন্সিলর পদপ্রার্থীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে মিছিলকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।
এলাকার অনেকের অভিযোগ, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রবিউল আলম তাঁর পক্ষের লোকজন নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাঁকে ভোট দেওয়ার জন্য চাপ দিয়ে আসছেন।
এ ব্যাপারে রবিউল আলমের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।