কাউন্সিলর পদপ্রার্থীসহ তিনজনকে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী ফরহাদ হোসেন মিয়া (৩৮) ও কাউন্সিলর প্রার্থী সরোয়ার হোসেনের ছোট ভাই লিমন (১২) ও আবু তালেব (৩০) নামের এক কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। তাঁদের বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌর শহরের ওয়াদুদ মিয়া সড়কের যাদব সাহার বাড়ির দক্ষিণ পাশে ও একই দিন রাত নয়টার দিকে শহরের মীরা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ফরহাদ হোসেন মিয়া বলেন, তিনি প্রচারণা শেষ করে বাড়ি ফিরছিলেন। পথে যাদব সাহার বাড়ির দক্ষিণ পাশে চার-পাঁচজন তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় তাঁর চিৎকারে এলাকার লোকজন উদ্ধার করে তাঁকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। কাউন্সিলর পদপ্রার্থী সরোয়ার হোসেন বলেন, তাঁর কর্মীরা প্রচারণা শেষ করে বাড়ি ফিরছিলেন। পথে প্রতিদ্বন্দ্বী হুমায়ুন কবির তার বাহিনী নিয়ে হামলা চালায়। এ সময় তাঁর ছোট ভাই লিমন ও আবু তালেব নামে এক কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তিনি অভিযোগ করেন, এর আগে তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বিভিন্ন হুমকি দেন হুমায়ুন কবির। এ বিষয়ে তিনি বাউফল থানায় দুটি সাধারণ ডায়েরি করেন। তবে কাউন্সিলর পদপ্রার্থী হুমায়ুন কবির এ ঘটনায় তাঁর ও তাঁর লোকজনের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিজেরাই এ ঘটনা ঘটিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।