কাউন্সিলর পদে আ.লীগ ও বিএনপিতে একাধিক প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের তিন পৌরসভার ২৭টি ওয়ার্ড ও নয়টি সংরক্ষিত ওয়ার্ডের অধিকাংশেই আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত একাধিক কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জাতীয় পার্টি, জামায়াত, খেলাফত মজলিসসহ বিভিন্ন দল-সমর্থিত প্রার্থী ছাড়াও স্বতন্ত্র হিসেবে অনেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
জেলা নির্বাচন কার্যালয় থেকে সরবরাহ করা মনোনয়নপত্র জমা দেওয়া ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বিশ্লেষণ করে দেখা গেছে, সাধারণ কাউন্সিলর পদে ১১৭ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২৪ জনসহ মোট ১৪১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ২১ জনের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। বাকি ১২৪ জনের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত ৫১ জন ও বিএনপি-সমর্থিত ৪০ জন আছেন। এর বাইরে জামায়াতের পাঁচজন, জাতীয় পার্টির তিনজন, খেলাফত মজলিসের দুজন, জমিয়তে উলামায়ের দুজন ও হেফাজত ইসলাম-সমর্থিত একজন আছেন। স্বতন্ত্র প্রার্থী আছেন ১৬ জন।
জকিগঞ্জ: সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ১৮ জন আওয়ামী লীগ-সমর্থিত ও পাঁচজন বিএনপি-সমর্থিত রয়েছেন। এ ছাড়া জামায়াত, জমিয়ত ও খেলাফত মজলিসের একজন করে রয়েছেন। বাকি ১২ জন স্বতন্ত্র।
সাধারণ কাউন্সিলর পদে নয়টি ওয়ার্ডের মধ্যে চারটি ওয়ার্ডে বিএনপি-সমর্থিত কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। তবে অন্য পাঁচটি ওয়ার্ডে বিএনপি-সমর্থিত একক প্রার্থী রয়েছেন। তিনটি ওয়ার্ড ছাড়া বাকিগুলোতে আওয়ামী লীগ-সমর্থিত একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গোলাপগঞ্জ: সাধারণ কাউন্সিলর পদে ৪২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ২১ জন আওয়ামী লীগ-সমর্থিত ও ২০ জন বিএনপি-সমর্থিত। জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী রয়েছেন তিনজন। জামায়াতের রয়েছেন দুজন। জমিয়ত ও হেফাজত-সমর্থিত একজন করে প্রার্থী রয়েছেন। এ ছাড়া একজন স্বতন্ত্র প্রার্থী আছেন। বাকি চারজনের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।
সাধারণ কাউন্সিলর পদের নয়টি ওয়ার্ডের মধ্যে তিনটিতে আওয়ামী লীগ ও বিএনপির একক প্রার্থী রয়েছেন। বাকিগুলোতে উভয় দলের একাধিক প্রার্থী রয়েছেন।
কানাইঘাট: সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে এর মধ্যে ৩৩ জনের পরিচয় জানা গেছে। পরিচয় পাওয়া প্রার্থীদের মধ্যে বিএনপি-সমর্থিত ১৫ জন ও আওয়ামী লীগ-সমর্থিত ১২ জন রয়েছেন। এ ছাড়া জামায়াত-সমর্থিত দুজন ও খেলাফত মজলিস-সমর্থিত একজন প্রার্থী আছেন। স্বতন্ত্র প্রার্থী আছেন দুজন। সাধারণ কাউন্সিলর পদে নয়টি ওয়ার্ডের মধ্যে দুটি ওয়ার্ডে আওয়ামী লীগের একক প্রার্থী আছেন। অন্যদিকে, মাত্র একটিতে একক প্রার্থী থাকলেও আটটিতে বিএনপির একাধিক প্রার্থী রয়েছেন।
সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ আহ্বায়ক দিলদার হোসেন ওরফে সেলিম বলেন, যেহেতু কাউন্সিলর পদে একক প্রার্থী দেওয়ার কোনো সিদ্ধান্ত ছিল না, তাই অনেক কর্মী-সমর্থক মনোনয়নপত্র জমা দিয়েছেন। সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান বলেন, কাউন্সিলরদের ব্যাপারে একক প্রার্থী দেওয়ার কোনো বাধ্যবাধকতা ছিল না। তাই কর্মী-সমর্থকদের এ ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।