কাউন্সিলর পদে আ.লীগ বিএনপির একাধিক প্রার্থী
পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার নয়টি সাধারণ ওয়ার্ড ও দুটি সংরক্ষিত ওয়ার্ডের ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে ২২ জন আওয়ামী লীগ, ১৪ জন বিএনপি ও একজন জাকের পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। বেশির ভাগ ওয়ার্ডে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই।
দল দুটির স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যেসব ওয়ার্ডে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী রয়েছেন, সেখানে নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের আগে স্থানীয় দুই দলের নেতারা কাউন্সিলর পদে একক প্রার্থী দেওয়ার উদ্যোগ নিয়েও সফল হননি। শুধু চারটি ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থক পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
স্বরূপকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মুজিবুর রহমান বলেন, ‘পিরোজপুর-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল আমাদের দলের সব কাউন্সিলর প্রার্থীকে পিরোজপুর ডেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়েছিলেন। তিনি (সাংসদ) প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের একক প্রার্থী দিতে চেয়েছিলেন। তবে পাঁচজন ছাড়া অন্যরা প্রার্থিতা প্রত্যাহার করেননি।’
খোঁজ নিয়ে জানা গেছে, স্বরূপকাঠি পৌরসভার সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থক মাহমুদা হাসি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থক দুজন ও বিএনপি-সমর্থক একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী তিনজনই আওয়ামী লীগ-সমর্থক। ১ নম্বর ওয়ার্ডে (সাধারণ) আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থক একজন করে প্রার্থী রয়েছেন। একইভাবে ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের দুজন ও বিএনপির একজন, ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের দুজন ও বিএনপির তিনজন, ৪ নম্বর সাধারণ ওয়ার্ডে আওয়ামী লীগের দুজন ও বিএনপির দুজন, ৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের তিনজন ও বিএনপির একজন, ৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের একজন, বিএনপির দুজন ও জাকের পার্টির একজন, ৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের দুজন ও বিএনপির একজন, ৮ নম্বর সাধারণ ওয়ার্ডে আওয়ামী লীগ ও বিএনপির একজন করে, ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের তিনজন ও বিএনপির একজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ ভোটাররা জানান, যেখানে আওয়ামী লীগের একাধিক প্রার্থী, সেখানে বিএনপি আর যেখানে বিএনপির একাধিক প্রার্থী সেখানে আওয়ামী লীগ-সমর্থক কাউন্সিলর প্রার্থী সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তবে ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী থাকায় সেখানে দুই দলের সমর্থক প্রার্থীরা চিন্তায় আছেন।
৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল জব্বার বলেন, ‘আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী না থাকায় মেয়র পদপ্রার্থীর পক্ষে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। তবে কাউন্সিলর পদে আমাদের ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থক দুজন প্রার্থী থাকায় কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন।’
স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, কাউন্সিলর পদে দলীয় প্রতীক না থাকলেও নিজ দলের প্রার্থীকে বেশির ভাগ মানুষ ভোট দেন। যেসব ওয়ার্ডে কাউন্সিলর পদে বিএনপির-সমর্থক একাধিক প্রার্থী রয়েছেন, সেখানে আমাদের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন।