চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগ থেকে একাধিক প্রার্থী কাউন্সিলর পদে নির্বাচন করছেন। ভোটের ফলাফলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন দলের নেতা-কর্মীরা। একটি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থী অন্য প্রার্থীর বিরুদ্ধে হুমকি ও মারধরের অভিযোগ এনে এ বিষয়ে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদনও করেছেন।
অন্যদিকে বিএনপি সাতটি ওয়ার্ডে একক প্রার্থী দিলেও ২ ও ৪ নম্বর ওয়ার্ডে দল-সমর্থিত কোনো কাউন্সিলর প্রার্থী নেই। যদিও ১৯৯৬ ও ২০০১ সালে রাঙ্গুনিয়া থেকে বিএনপির প্রার্থীরা সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তবে ২০০৮ সাল থেকে রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ পরপর দুবার সাংসদ নির্বাচিত হয়েছেন।
নয়টি ওয়ার্ডেই দলের একাধিক কাউন্সিলর প্রার্থী থাকার বিষয়ে রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আসলাম খান প্রথম আলোকে বলেন, কাউন্সিলর পদে দলীয়ভাবে নির্বাচন হচ্ছে না। এ জন্য অনেকে প্রার্থী হয়েছেন। এলাকায় যাঁর গ্রহণযোগ্যতা আছে, তিনিই জয়ী হয়ে আসবেন। প্রতিটি ওয়ার্ডে একক প্রার্থী নির্ধারণে দল থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
১ নম্বর নোয়াগাঁও ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটযুদ্ধে নেমেছেন তিনজন। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান কাউন্সিলর জালাল উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার আহমেদ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি দিদারুল আলম। গত মঙ্গলবার দুপুরে তাঁদের সঙ্গে কথা হয়। তিনজনই বলেন, এলাকায় যাঁর জনপ্রিয়তা আছে, তিনিই জয়ী হবেন। তাঁরা বলেন, প্রার্থিতা নিয়ে দল থেকে কোনো বাধা আসেনি। যাঁকে লোকজন পছন্দ করেন, তাঁর ব্যালটে রায় দেবেন।
তবে দিদারুল আলম তাঁকে মারধর করার অভিযোগ এনেছেন জালাল উদ্দিনের সমর্থকদের বিরুদ্ধে। গত রোববার রিটার্নিং কর্মকর্তা ও থানায় লিখিতভাবে অভিযোগ করেন তিনি। এতে উল্লেখ করেন, ১১ ডিসেম্বর উত্তর নোয়াগাঁও এলাকায় তাঁকে মারধর করেন জালালের দুই ভাই জামাল ও নিজাম। তাঁরা তাঁকে মেরে ফেলারও হুমকি দেন। এ কারণে কাউন্সিলর প্রার্থী দিদার তাঁর ও পরিবারের সদস্যদের নিরাপত্তাসহ সুষ্ঠুভাবে নির্বাচন কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।
তবে জালাল উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সামান্য কথা-কাটাকাটি হয়েছিল। কাউকে তাঁর ভাইয়েরা হুমকি দেননি।
জানতে চাইলে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার গত মঙ্গলবার তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাঙ্গুনিয়ায় একসময় বিএনপির শক্ত অবস্থান ছিল বলে জানান নেতা-কর্মীরা। এরপরও দুটি ওয়ার্ডে দলের কোনো কাউন্সিলর প্রার্থী না থাকার বিষয়ে পৌরসভা বিএনপির সদস্যসচিব ও মেয়র প্রার্থী মো. হেলাল উদ্দিন শাহ বলেন, ১ ও ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতে বিএনপির কোনো নেতা-কর্মী আগ্রহ না দেখানোয় প্রার্থী দেওয়া যায়নি। কেন আগ্রহ দেখাননি জানতে চাইলে তিনি বলেন, বর্তমান পরিস্থিতির কারণে বিপদে পড়ার ভয়ে হয়তো কেউ এগিয়ে আসেননি।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম জানান, নির্বাচনে নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৮ জন লড়ছেন। আর সংরক্ষিত তিনটি নারী ওয়ার্ডে ১১ জন লড়ছেন। পৌরসভায় মোট ভোটার ২২ হাজার ৪৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৫৯০ জন এবং নারী ভোটার ১০ হাজার ৮৯৯ জন।