বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ। পৌর নির্বাচনে নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নয়জন প্রার্থী রয়েছেন। তাঁরা সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বুলবুল দেওয়ান, সহসম্পাদক সোলায়মান হাওলাদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালামসহ পাঁচজন; ২ নম্বর ওয়ার্ডে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মো. মোশারফ হোসেন, তাঁর স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি সুলতানা রাজিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এসকেন্দার খান, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আহসান ইমামসহ আটজন; ৩ নম্বর ওয়ার্ডে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কাজী তৌফিক ইকবাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কাজী আল আমিন ও আওয়ামী লীগ নেতা মতলেব তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪ নম্বর ওয়ার্ডে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নুর আলম শিকদার, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফিরোজ হাওলাদার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাহাবুল খানসহ পাঁচজন প্রার্থী রয়েছেন। ৫ নম্বর ওয়ার্ডে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিমসহ তিনজন; ৬ নম্বর ওয়ার্ডে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন খান, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আতিকুর রহমানসহ তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭ নম্বর ওয়ার্ডে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গোলাম রাসেল, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফিরোজ রহমান; ৮ নম্বর ওয়ার্ডের পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বক্তিয়ার হোসেন ও উপজেলা যুবলীগের সদস্য শাহাদাত হোসেন প্রার্থী হয়েছেন। ৯ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, পৌর আওয়ামী লীগের সদস্য বাবুল খানসহ সাতজন নির্বাচন করছেন।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে উপজেলা মহিলা লীগের সদস্য সেলিনা আক্তার ও সালমা আকতার; ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে উপজেলা মহিলা লীগের সদস্য খায়রুন নাহার, তাসলিমা বেগম, আইরিন আক্তার, রুনু সেরনিয়াবাদ; ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে উপজেলা মহিলা লীগের সদস্য সাবিনা আকতার, রুমা বেগম ও রোকেয়া বেগম নির্বাচন করছেন।
কাউন্সিলর প্রার্থী মতলেব অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৌফিক ইকবালের সমর্থকেরা তাঁর পাঁচ কর্মীকে পিটিয়ে জখম করেছে। আল আমিন হাওলাদার অভিযোগ করেন, তাঁকে ও তাঁর সমর্থকদের তৌফিক ইকবাল ও তাঁর সমর্থকেরা হত্যার হুমকিসহ ভয় দেখাচ্ছেন। অভিযোগ অস্বীকার করে তৌফিক ইকবাল বলেন, ‘ওই প্রার্থীদের সমর্থকেরা আমার সমর্থকদের নানা হুমকি দিচ্ছেন।’ বিভিন্ন ওয়ার্ডের কয়েকজন ভোটার বলেন, এবার পৌর নির্বাচনে কাউন্সিলর পদে শুধু আওয়ামী লীগের প্রার্থী রয়েছে। ফলে নিজেদের মধ্যে বিরোধ তৈরি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, নির্বাচনের সূত্র ধরে আধিপত্য বিস্তারে ওই বিরোধ সৃষ্টি হয়েছে। তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল হাওলাদার বলেন, ‘এখানে বিরোধের কোনো বিষয় নেই। আমি মনে করি প্রতিপক্ষ নয়, এরা যোগ্যতার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী।’