
কাউন্সিলর পদে বিপুলসংখ্যক প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় একক প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিপাকে পড়েছে আওয়ামী লীগ। দায়িত্বপ্রাপ্ত কমিটিগুলো এখনো প্রার্থী বাছাই করতে পারেনি।
গতকাল সোমবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা ও পরিকল্পনা নিয়ে এক বৈঠক হয়। বৈঠকে দ্রুত কাউন্সিলর প্রার্থী বাছাই করার কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া বৈঠকে অতীত বিভেদ ভুলে দল-সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রতি ওয়ার্ডে একক কাউন্সিলর প্রার্থী দেওয়ার জন্য দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশ থাকলেও গড়ে প্রতি ওয়ার্ডে ছয়-সাতজন করে দল-সমর্থিত প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কোনো ওয়ার্ডে ১০-১২ জন প্রার্থীও আছেন। এত অধিকসংখ্যক প্রার্থীর মধ্যে একক প্রার্থী বাছাই করতে গিয়ে নেতারা হিমশিম খাচ্ছেন বলে তাঁরা প্রথম আলোকে জানিয়েছেন।
এদিকে একক কাউন্সিলর প্রার্থী বাছাইয়ের জন্য ২ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং ৩ এপ্রিল ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর বাসভবনে আবার বৈঠক আহ্বান করা হয়েছে। উভয় বৈঠকে কাউন্সিলর প্রার্থী বাছাইয়ের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। আগামী ৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই একক কাউন্সিলর প্রার্থী ঠিক করতে চায় দলটি।
দল-সমর্থিত কাউন্সিলর প্রার্থী বাছাই করার জন্য ঢাকা মহানগরের ১৫টি নির্বাচনী এলাকা ধরে ১৫টি কমিটি করা হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আটটি এবং উত্তর সিটি করপোরেশনে সাতটি নির্বাচনী এলাকা।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আবদুর রাজ্জাক, এ বি তাজুল ইসলাম এবং দক্ষিণের মেয়র প্রার্থী সাঈদ খোকনসহ মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত সূত্র জানায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা দক্ষিণে আবদুর রাজ্জাক এবং উত্তরে ফারুক খানকে সমন্বয়ক করা হয়েছে। মহানগরের পক্ষ থেকে দক্ষিণে এম এ আজিজ ও কামরুল ইসলাম এবং উত্তরে মোফাজ্জল হোসেন ও রহমতউল্যাহ নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়েছেন।
বৈঠকে দলীয় প্রার্থীর পক্ষে একটি নির্বাচনী ইশতেহার তৈরির সিদ্ধান্ত হয়। এ ছাড়া পেশাজীবীদের সঙ্গে বৈঠক করা হবে। একটি কমিটি করা হয়েছে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখার জন্য। পাশাপাশি একটি আইন সহায়তা কমিটিও করা হয়।
বৈঠকে ৮ এপ্রিল পর্যন্ত সব এলাকায় সাঈদ খোকনকে ধারাবাহিক বৈঠক করার কথা বলা হয়। তিনি কলাবাগান থানা থেকে তাঁর বৈঠক শুরু করবেন। এ ছাড়া প্রতি ওয়ার্ডে ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।
বৈঠকে বলা হয়, ঢাকার দুই সিটি নির্বাচনে বিজয়ের জন্য দলীয় ঐক্য প্রয়োজন। এ জন্য নেতাদের সব বিভেদ ও ভুল-বোঝাবুঝির অবসানের তাগিদ দেওয়া হয়। এখন পর্যন্ত সাঈদ খোকনের পক্ষে প্রকাশ্যে মাঠে নামেননি মোফাজ্জল হোসেন চৌধুরী। তবে বৈঠকে উপস্থিত সাঈদ খোকন বলেন, ‘আমার একান্ত অনুরোধ, মায়া চাচা ঢাকা দক্ষিণে আমার জন্য কাজ করবেন।’ এ সময় মায়া বলেন, ‘আমি উত্তর-দক্ষিণ উভয় সিটি করপোরেশনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করব।’ পরে তাঁকে বিশেষ কোনো এলাকার দায়িত্ব না দিয়ে উন্মুক্ত রাখা হয়। এ ছাড়া মন্ত্রী হিসেবে প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচারণায় নামলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে বলেও বৈঠকে জানান তিনি।