কাউন্সিলর পদে চা বিক্রেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে তিন ব্যবসায়ীর সঙ্গে এক চা বিক্রেতা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। ২ নম্বর ওয়ার্ডের ওই প্রার্থীরা হচ্ছেন ফেরদৌস আলম, জামিল হোসেন, নাজিম উদ্দিন ভূঁইয়া ও রুস্তম আলী ফরাজি।
গত রোববার প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ফেরদৌস আলম নিজের কয়েকটি পুকুরে মাছ চাষ করে দেশের বিভিন্ন জেলায় পোনা সরবরাহ করেন। জামিল হোসেন মুরগির খাবারের পাইকারি বিক্রেতা এবং কয়েকটি খামারের মালিক। নাজিম উদ্দিন ভূঁইয়া নিজের পুকুরের পাশাপাশি কয়েকটি পুকুর পত্তনি নিয়ে মাছের চাষ করেন। আবার তিনি মুরগির খাবারের পাইকারি বিক্রেতাও। কিন্তু রুস্তম আলী ফরাজি একজন চা বিক্রেতা। তিনি কাহালু রেলওয়ে বাজারে চা ও বিস্কুট বিক্রি করেন। এর মধ্যেই তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
প্রার্থীদের হলফনামা ঘেঁটে জানা যায়, ফেরদৌস ও রুস্তম আলী অষ্টম শ্রেণি পাস। আর জামিল হোসেন ও নাজিম উদ্দিন নিজেদের ‘স্বশিক্ষিত’ বলে উল্লেখ করেছেন। রুস্তম আলী বছরে তাঁর আয় দেখিয়েছেন ২ লাখ ৮০ হাজার টাকা। তিনি নিজেকে চা বিক্রেতা উল্লেখ না করে কৃষিকাজ করেন বলে উল্লেখ করেছেন।
রুস্তম আলী ফরাজি বলেন, ‘টাকা দিয়ে নির্বাচন হয় না। ওয়ার্ডে দরিদ্র লোকই বেশি। তাঁদের অনুরোধে প্রার্থী হয়েছি।’