ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে চৌধুরী পরিবারের দুই জা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিষয়টি পৌরবাসীর মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।
এই ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদের মোট প্রার্থী আটজন। স্থানীয় সূত্রে জানা গেছে, চৌধুরী পরিবারের মেহেদী হাসান চৌধুরীর স্ত্রী শিউলী চৌধুরী বর্তমান কাউন্সিলর। তিনি এবারও নির্বাচন করছেন। একই পদে লড়াই করছেন মেহেদী হাসান চৌধুরীর বড় ভাই বাপ্পী চৌধুরীর বর্তমান স্ত্রী মিনু চৌধুরী।
বাপ্পী চৌধুরী গৌরীপুর পৌরসভায় চাকরি করতেন। বছর তিনেক আগে অনিয়মের অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হন। বাপ্পীর বরখাস্ত হওয়ার পেছনে শিউলীর হাত ছিল বলে অভিযোগ রয়েছে। এ বিরোধের জেরে শিউলীকে পরাজিত করতে নির্বাচনে অংশ নিয়েছেন মিনু। এ ছাড়া বাপ্পীর সাবেক স্ত্রী রোকেয়াও প্রার্থী হয়েছেন।