কাউন্সিলর পদে দুই সহোদর
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রয়াত কাউন্সিলর সাইফুল ইসলামের দুই ভাই। তাঁরা হলেন আমানতুল্লাহ ও ছোট ভাই শহিদুল ইসলাম। অবশ্য তাঁরা ছাড়া আরও তিনজন মনোনয়নপত্র তুলেছেন।
স্থানীয় লোকজন জানিয়েছেন, ওই ওয়ার্ডের পরপর দুইবার নির্বাচিত কাউন্সিলর সাইফুল (৪২) ক্যানসারে আক্রান্ত হয়ে চলতি বছরে মারা যান। তিনি বেশ জনপ্রিয় ছিলেন। এলাকার উন্নয়নে অবদান রেখেছিলেন। প্রয়াত এই ভাইয়ের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছেন আমানতুল্লাহ ও শহিদুল। এতে ভোটাররা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন।
আমানতুল্লাহ বলেন, প্রয়াত ছোট ভাই সাইফুলের আদর্শ বাস্তবায়ন ও তাঁর অসমাপ্ত কাজ সম্পন্ন করার উদ্দেশ্যেই তিনি প্রার্থী হয়েছেন। ছোট ভাই প্রতিদ্বন্দ্বী হওয়া প্রসঙ্গে বলেন, ‘সে কী জন্য প্রার্থী হলো বুঝতে পারছি না। ভোটাররা যাঁকে চাইবেন তাঁকেই নির্বাচিত করবেন।’ তিনি নির্বাচন থেকে সরে আসবেন না বলেও জানান।
শহিদুল বলেন, তাঁর বড় ভাই সাইফুলের প্রতি ভোটাররা সদয় ছিলেন। এ কারণে ছোট ভাই হিসেবে তিনি তাঁর ভাবমূর্তি কাজে লাগাতে চান।