কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী নেই আরও ১২ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে আরও ১২ জন প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এঁরা নিজস্ব ওয়ার্ডে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হলে তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। এঁদের বেশির ভাগই আওয়ামী লীগ-সমর্থিত।
ঢাকার বাইরে থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিরা এসব তথ্য পাঠিয়েছেন।
এর আগে ফেনী সদর পৌরসভা, একই জেলার পরশুরাম ও দাগনভূঞা পৌরসভায় একমাত্র প্রার্থী হিসেবে ৩৩ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা যায়। এর মধ্যে ফেনী পৌরসভাতেই আছেন ১৬ জন। মনোনয়নপত্র বৈধ হলে তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
গতকাল শুক্রবার জানা যায়, পাবনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন রিয়াজুল হোসেন এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী আফরোজা খাতুন। নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে কল্পনা আক্তার এবং ৩ নম্বর ওয়ার্ডে শাহনাজ বেগম একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
একমাত্র প্রার্থী হিসেবে ভোলা সদর পৌরসভায় ১ নম্বর ওয়ার্ডে মঞ্জুরুল আলম, একই জেলার বোরহানউদ্দিন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কামাল উদ্দিন এবং দৌলতখান পৌরসভায় সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের আমেনা খাতুন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এঁদের তিনজনই আওয়ামী লীগ-সমর্থিত।
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত এ কে এম মোর্শেদ। সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে একমাত্র মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি-সমর্থিত হাসিনা আক্তার। বগুড়ার শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত আবদুল মতিন। সিলেটের কানাইঘাট পৌরসভায় সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে আছিয়া বেগম ও ৩ নম্বর ওয়ার্ডে আসমা বেগম একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।