কাউন্সিলর পদে ফারুক আলমকে বিজয়ী ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিষ্ণু প্রসাদ দত্তের প্রার্থিতা বাতিল করে ফারুক আলমকে বিজয়ী ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির নেতারা। গতকাল বৃহস্পতিবার উপজেলা বিএনপির কার্যালয়ে বারইয়ারহাট পৌর বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সভাপতি মঈন উদ্দিন লিটন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহসভাপতি কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফারুক আলম প্রমুখ। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত বুধবার পৌরসভার কাউন্সিলর পদে পুনর্নির্বাচন চলাকালে পৌরসভার মেয়র আবু তাহের ভূঞা ও কাউন্সিলর পদপ্রার্থী বিষ্ণু প্রসাদ দত্তের নেতৃত্বে ১৫/২০ জন বহিরাগত দুর্বৃত্ত ভোটকেন্দ্রে ঢুকে ব্যালটবাক্স ভাঙচুর ও ব্যালট পেপার ছিনতাই করে।ভোটকেন্দ্র দখলের এ ঘটনায় বুধবার রাত সাড়ে নয়টার দিকে প্রিসাইডিং কর্মকর্তা হারুণ উর রশিদ বাদী হয়ে বিষ্ণু প্রসাদ দত্তসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন।