
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে তিনটি ওয়ার্ডে তিনজন রাজনৈতিক নেতার ছেলে প্রথমবারের মতো কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিনের ছেলে গোলাম মুহাম্মদ সাদরিল (৩৩) লড়াই করছেন। নির্বাচন কমিশনে দেওয়া তাঁর হলফনামায় উল্লেখ রয়েছে, তিনি স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। তাঁর বিরুদ্ধে হত্যাসহ নানা অভিযোগে আটটি মামলা বিচারাধীন। তাঁর আয়ের উৎস দোকান ভাড়া।
১৭ নম্বর ওয়ার্ডে জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদিরের ছেলে ও মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিনহাজুল কাদির মিমন (২৮) প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর ভাগনে ও সাবেক পৌর চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা প্রয়াত আলী আহাম্মদ চুনকার নাতি। হলফনামা অনুযায়ী, তাঁর শিক্ষাগত যোগ্যতা এমবিএ। তাঁর পেশা ব্যবসা।
২৩ নম্বর ওয়ার্ডে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ আবুল কালামের ছেলে ও মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা (৩৩) নির্বাচন করছেন। হলফনামা অনুযায়ী, তাঁর শিক্ষাগতযোগ্যতা বিবিএ। তাঁর দাদা জালালউদ্দিন আহমেদ বিএনপির প্রথম কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। কাউছারের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তাঁর পেশা ব্যবসা।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ‘নারায়ণগঞ্জের তিনজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার ছেলে নির্বাচনে কাউন্সিলর পদে লড়ছেন। উত্তরাধিকার সূত্রের ন্যায় তাঁরা নিজেদের যোগ্যতায় জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে ভবিষ্যতে নেতৃত্বে আসবেন, সেটাই কামনা করছি।’