কাউন্সিলর পদে সব ওয়ার্ডেই তৎপর বিএনপির নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে বিএনপির নেতা-কর্মীরা প্রার্থী হয়েছেন। যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার গত শনিবার রাতে প্রথম আলোকে বলেন, ‘বিএনপি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন বয়কট করেছে। এ ক্ষেত্রে মেয়র ও কাউন্সিলর বলে কোনো কথা নেই।’ তিনি আরও বলেন, ‘যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের নিয়ে দল নিশ্চয়ই বক্তব্য দেবে। দলের শীর্ষ নেতৃত্বও সেটি ভাবছেন।’প্রসঙ্গত, ইভিএম পদ্ধতি বাতিল ও সেনা মোতায়েনের দাবিতে বিএনপি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন শহর বিএনপির সহসভাপতি মোসলেম উদ্দিন, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আহমেদ শোয়েব সোহেল, ১৩ নম্বর ওয়ার্ডে শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম মাসুক, ১৬ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির সভাপতি নোয়াব মিয়া, ১৭ নম্বর ওয়ার্ডে শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ১৯ নম্বর ওয়ার্ডে সদ্য বিলুপ্ত সদর দক্ষিণ পৌরসভার যুবদলের যুগ্ম আহ্বায়ক এখলাছুল হক, ২০ নম্বর ওয়ার্ডে সদ্য বিলুপ্ত সদর দক্ষিণ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও স্থানীয় বিএনপি নেতা সিদ্দিকুর রহমান, ২১ নম্বর ওয়ার্ডে সদ্য বিলুপ্ত সদর দক্ষিণ পৌর বিএনপির সভাপতি গোলাম জিলানী ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী মাহবুবুর রহমান, ২২ নম্বর ওয়ার্ডে সদ্য বিলুপ্ত সদর দক্ষিণ পৌর বিএনপির সভাপতি শাহআলম, ২৩ নম্বর ওয়ার্ডে সদর দক্ষিণ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ২৪ নম্বর ওয়ার্ডে সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মামুন, ২৫ নম্বর ওয়ার্ডে সদর দক্ষিণ উপজেলা যুবদলের সভাপতি খলিলুর রহমান মজুমদার ও ২৭ নম্বর ওয়ার্ডে সদ্য বিলুপ্ত সদর দক্ষিণ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন চৌধুরী ও পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. শহিদুল ইসলাম। এ ছাড়া আরও ১১টি ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন।এদিকে সংরক্ষিত কাউন্সিলর পদে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের (’৯৮-৯৯) মহিলা সম্পাদক ফেরদৌসী আক্তার, জেলা মহিলা দলের সহসভাপতি রায়হান রহমান হেলেন ও কোহিনূর আক্তার নির্বাচন করছেন। ৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবদুল্লাহ আল মোমেন বলেন, ‘এটি স্থানীয় সরকার নির্বাচন। আমি দলের সমর্থন নিয়ে প্রার্থী হইনি। জনগণের ইচ্ছায় প্রার্থী হয়েছি।’শহর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, ‘আগামী ১৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওই সময়ের মধ্যে দলের নেতা-কর্মীরা নিশ্চয়ই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।’