কাউন্সিলর প্রার্থী নিয়ে দ্বন্দ্ব বিএনপি-জামায়াত দূরত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থীদের সমর্থন নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে দূরত্ব বাড়ছে। কয়েক দফা চেষ্টার পরও দুই পক্ষে সমঝোতা হয়নি। ফলে দুই দলের কাউন্সিলর পদপ্রার্থীরা আলাদা প্রচারণা চালাচ্ছেন। এমনকি ১৮-দলীয় জোট-সমর্থিত মেয়র পদপ্রার্থী মো. মনিরুজ্জামানের পক্ষে জামায়াত মাঠে নেই বলে বিএনপি অভিযোগ করছে।জানা গেছে, খুলনা নগরের ৩১টি ওয়ার্ডের মধ্যে জামায়াত ১, ৩, ৪, ৬, ৯, ১২, ১৮, ১৯, ২৭ ও ৩১ নম্বর ওয়ার্ডে আলাদা করে কাউন্সিলর প্রার্থী দিয়েছে। আর এই ১০টিসহ সব ওয়ার্ডেই বিএনপির কাউন্সিলর পদপ্রার্থী রয়েছেন।জামায়াত বলছে, ১০টি ওয়ার্ডে তারা নিজেদের প্রার্থীর পক্ষে বিএনপির সমর্থন চেয়েছিল। কিন্তু বিএনপি একটিও দিতে রাজি হয়নি। এ কারণে তারা নিজেদের মতো কাজ করছে। ক্ষুব্ধ হয়ে তারা মনিরুজ্জামানের নির্বাচনী ইশতেহার ঘোষণার দিনও সংবাদ সম্মেলনে যায়নি।তবে বিএনপির নেতারা অভিযোগ করেন, কাউন্সিলর পদে নিজেদের প্রার্থীদের পক্ষে কাজ করতে গিয়ে ১৮ দল-সমর্থিত ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের প্রার্থী মনিরুজ্জামানের পক্ষে কাজ করছে না জামায়াত। অথচ কেন্দ্র থেকে তাদের বিএনপির সঙ্গে কাজ করতে বলা হয়েছিল।খুলনা নগর জামায়াতের সহকারী সেক্রেটারি শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘বিএনপিকে মনে রাখতে হবে, ১৯৯৪ সালে সিটি করপোরেশন নির্বাচনে খুলনায় জামায়াতের প্রার্থী ২৮ হাজার ভোট পেয়েছিল। এখন সেই ভোট আরও বেড়েছে। এ কারণেই ৩১টি ওয়ার্ডের মধ্যে আমরা মাত্র ১০টি ওয়ার্ডে আমাদের প্রার্থীর পক্ষে সমর্থন চেয়েছিলাম। কিন্তু তারা সব ওয়ার্ডেই প্রার্থী দিয়েছে। আমরা এখন আমাদের প্রার্থীদের পক্ষে কাজ করছি।’ তিনি বলেন, কাউন্সিলর প্রার্থীর বিষয়ে সমঝোতা না হওয়ায় জামায়াতের নেতা-কর্মীরা মেয়র প্রার্থীর পক্ষে মাঠে নামেননি।খুলনা নগর বিএনপির সভাপতি সাংসদ নজরুল ইসলাম বলেন, ‘কাউন্সিলর প্রার্থী নিয়ে জামায়াতের সঙ্গে এখনো সমঝোতা হয়নি। আমরা চেষ্টা করছি। আশা করি সমঝোতা হয়ে যাবে।’