কাউন্সিলর প্রার্থী 'মাছ' কাদেরের তোরণ অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ-সমর্থিত এক কাউন্সিলর প্রার্থীর নির্মিত তোরণ অপসারণ করেছে নির্বাচন কমিশন। গতকাল রোববার রাতে আগ্রাবাদ বাদামতলী মাজার এলাকা থেকে কাউন্সিলর প্রার্থী আবদুল কাদের ওরফে ‘মাছ’ কাদেরের এই তোরণ অপসারণ করা হয়। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
আবদুল কাদের ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী। ওয়ার্ডের ছালেহ চেয়ারম্যান লেইন এলাকায় তিনি বাঁশ ও কাপড় দিয়ে এই তোরণ নির্মাণ করেন। তোরণের ওপরে সাঁটানো একটি ব্যানারে তিনি তাঁর নিজের নামে এবং মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের নামে ভোট চান।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন জানান, তোরণ নির্মাণ আচরণবিধির পরিপন্থী। তাই এটি অপসারণ করা হয়েছে। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।
অভিযানে অংশ নেওয়া সহকারী রিটার্নিং কর্মকর্তা সোহেল সামাদ বলেন, ‘আবদুল কাদের অভিযানের সময় উপস্থিত থেকে স্বীকার করেছেন, এই তোরণ তিনি লাগিয়েছেন। আমরা বুঝেছি, বিষয়টি আ জ ম নাছির জানেন না। তাই কাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’
আবদুল কাদের বলেন, ‘এটা আমাদের ভুল হয়েছে। আমার কর্মী-সমর্থকদের এটা জানা ছিল না। তারা এটা লাগিয়েছে।’
এদিকে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে প্রতিপক্ষ প্রার্থীর আনা অভিযোগের বিষয়ে তিন দিনের মধ্যে মহানগর পুলিশ কমিশনারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।