কাউন্সিলর প্রার্থীকে অপহরণ সরে দাঁড়াতেহুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বিএনপির সমর্থক মো. ফরিদ আহমেদকে গত বৃহস্পতিবার রাতে অপহরণ করে সন্ত্রাসীরা। পরে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর মুচলেকা নিয়ে মারধর করে গাড়ি থেকে ফেলে দেয়। এ ঘটনায় গতকাল শুক্রবার রাজধানীর বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ফরিদ।

এর তিন দিন আগে ১৭ জুন ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. রঞ্জুল ইসলাম টঙ্গী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৮০৯) করেন। এতে অভিযোগ করা হয়, নির্বাচনে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী ও সাবেক টঙ্গী পৌরসভার কাউন্সিলর মো. নূরুল ইসলাম তাঁকে মনোনয়নপত্র প্রত্যাহার করার হুমকি দিয়েছেন।

ফরিদ আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সকালে তিনি টঙ্গীর পাশে রাজধানীর উত্তরার জসীমউদ্দীন সড়কে ব্যক্তিগত কাজে গিয়েছিলেন। সকাল ১০টার দিকে ১৫-২০ জন সন্ত্রাসী তাঁকে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে একটি মাইক্রোবাসে উঠিয়ে চোখ বেঁধে ফেলে। পরে তাঁকে একটি বাসায় নিয়ে মারধর করে। প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা জোর করে ৪০০ টাকার একটি স্ট্যাম্পে তাঁর সই নেয়। এতে লেখা ছিল ‘তিনি আর নির্বাচন করবেন না।’ রাতে দেখেন তাঁকে উত্তরার ৭ নম্বর সেক্টরের একটি বাসা থেকে বের করা হচ্ছে। সন্ত্রাসীরা তাঁকে আবার মারধর করে টঙ্গীসংলগ্ন আব্দুল্লাহপুর সেতুর পাশে ফেলে দেয়। রাত ১১টার দিকে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে টঙ্গী স্টেশন রোডের ফাতেমা জেনারেল হাসপাতালে ভর্তি করান।

ফরিদ সুনির্দিষ্টভাবে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেননি। তাঁর অভিযোগের ব্যাপারে জানতে চাইলে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন সালামত চৌধুরী জানান, এ ব্যাপারে তদন্ত হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে মামলা নেওয়া হবে।

আ.লীগ-সমর্থক কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ: রঞ্জুলের জিডিতে অভিযোগ করা হয়েছে, ১৭ জুন (প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন) বিকেল চারটার দিকে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী নূরুল ইসলাম লোকজন নিয়ে টঙ্গীর ফাইসন্স রোডে অবস্থিত তাঁর বাড়িতে যান। ওই সময় তিনি বাড়িতে ছিলেন না। তাঁর বড় বোন ও ভাগনে রবিউলকে হুমকি দিয়ে নূরুল বলেন, ‘রঞ্জুলকে বলবি মামলা তুলে নিতে।’

বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ। এর বেশি কিছু তিনি বলেননি।

রঞ্জুলের অভিযোগ অস্বীকার করে নূরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘এলাকাবাসী রঞ্জুলকে প্রার্থী হিসেবে গ্রহণ করেনি। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে ঈর্ষান্বিত হয়ে তিনি আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।’