কাউন্সিলর প্রার্থীকে কুপিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায় বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার চালানোর সময় বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী আলী আক্কাস হাওলাদারকে (৩৫) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের মংথেপাড়ার সামনে এ হামলার ঘটনা ঘটেছে।
আলী আক্কাস হাওলাদার অভিযোগ করেন, ‘আমি ভোট প্রার্থনার জন্য সকাল থেকে আমার ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে যাই। দুপুর সাড়ে ১২টার সময় হঠাৎ কুয়াকাটা পৌর ছাত্রলীগের নেতা মজিবর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের ক্যাডার খোকন বিশ্বাস, সোহেল, আবু সালেহ ও ইলিয়াস মংথেপাড়ার সামনে আমাদের ওপর সশস্ত্র হামলা চালায়। তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রের আঘাতে আমার শরীরসহ বিভিন্ন স্থান জখম হয়েছে। আমার সঙ্গে থাকা সমর্থকেরা আমাকে বাঁচাতে গেলে তাঁদেরও পিটিয়ে আহত করা হয়েছে।’ আলী আক্কাস হাওলাদার আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল বারেক মোল্লা ও ওই ওয়ার্ডের আওয়ামী লীগের দুই কাউন্সিলর প্রার্থী হাবিব শরীফ ও জুয়েল জমাদ্দারের নির্দেশে তাঁদের ওপর এই হামলা চালানো হয়েছে।
আবদুল বারেক মোল্লা বলেন, ‘এ হামলার খবর আমি জানি না। কোথায় হয়েছে, তা-ও বলতে পারব না।’