নোয়াখালীর চাটখিল পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে কাউন্সিলর প্রার্থী এ এইচ এম ফারুককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ বি এম বদরুদৌজা এ অভিযান পরিচালনা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এ এইচ এম ফারুকের পক্ষে আচরণবিধি লঙ্ঘন করে রাত আটটার পরও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চলত। বিষয়টি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরে পড়লে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই প্রার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
প্রার্থীকে জরিমানা করার বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোহাম্মদ আবরাউর হাসান মজুমদার প্রথম আলোকে বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তাঁরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন।