কাউন্সিলর প্রার্থীকে পিটিয়ে আহত
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শাহ আলমকে পিটিয়ে আহত করা হয়েছে। একই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল কাদিরের সমর্থকেরা গত শুক্রবার তাঁকে বেদম মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।
তবে এ ঘটনায় গতকাল রোববার পর্যন্ত তিনি থানায় অভিযোগ দেননি।
গতকাল মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে আহত প্রার্থী শাহ আলমের মনোনয়ন বৈধ হয়। এ সময় তাঁর পক্ষে নান্দাইল পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম ওরফে সালাম একটি লিখিত অভিযোগ রিটার্নিং কর্মকর্তা ইউএনও শাহনূর আলমের কাছে জমা দেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, শুক্রবার রাতে শাহ আলম স্থানীয় সাংসদকে স্বাগত জানানোর জন্য অবসর সিনেমা হলের সামনে অপেক্ষা করছিলেন। এ সময় আবদুল কাদিরের নির্দেশে একদল লোক তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বর্তমান কাউন্সিলর ও একই পদের প্রার্থী আবদুল কাদির বলেন, বিষয়টি ছাত্রলীগ ও যুবলীগের অভ্যন্তরীণ বিষয়। নির্বাচন-সংশ্লিষ্ট হলে চণ্ডীপাশা চৌরাস্তা বাজারে কয়েক ফুট ব্যবধানে অবস্থিত তাঁর ও শাহ আলমের নির্বাচনী কার্যালয়ে এর প্রভাব পড়ত। কিন্তু সেখানে সে রকম কিছু ঘটেনি।