কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় মুখর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচারণার শেষ দিন। তাই গতকাল বৃহস্পতিবার প্রার্থীদের ব্যস্ততার শেষ ছিল না। মেয়র পদপ্রার্থীদের মতো কাউন্সিলর পদপ্রার্থীরাও সর্বশেষ পথসভা করে ওয়ার্ডবাসীর কাছে ভোট প্রার্থনা করেছেন।

২৭টি ওয়ার্ডের ১৩৪ জন কাউন্সিলর পদপ্রার্থী ও সংরক্ষিত নয়টি নারী কাউন্সিলর পদে ৩৫ জন কাউন্সিলর পদপ্রার্থীর সর্বশেষ প্রচারণায় মুখরিত হয়ে ওঠে মহানগর।

প্রার্থীরা প্রচারণায় ‘পরিকল্পিত ওয়ার্ড’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রত্যেক প্রার্থী জানিয়েছেন, তাঁরা নির্বাচিত হলে ওয়ার্ডের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করবেন। অপরদিকে বর্তমান কাউন্সিলর ছাড়া অপর প্রার্থীরা ‘পরিবর্তনের ডাক’ দিয়ে নতুন কাউন্সিলর নির্বাচনের আহ্বান জানিয়েছেন ভোটারদের প্রতি।

প্রচারণায় অংশ নিয়ে বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা জানান, ওয়ার্ডগুলোতে পানি সংকট, মশার উৎপাত, অপ্রশস্ত রাস্তাঘাট, জলাবদ্ধতা, অপরিচ্ছন্নতার সমস্যাই বেশি।

এসব সমস্যার সমাধানে প্রার্থীরা আন্তরিকভাবে কাজ করবেন। ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মৃণাল কান্তি দাস জানান, তিনি নির্বাচিত হলে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা, জলাবদ্ধতার সমস্যা দূরীকরণসহ তাঁর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ১৪টি সমস্যা সমাধান করবেন।

তিনি বলেন, ‘আমি প্রথমবারের মতো প্রার্থী হয়েছি। আশা করছি, ভোটাররা আমাকে বিমুখ করবেন না।’ একই ওয়ার্ডের রকিবুল ইসলাম বলেন, ‘ওয়ার্ডবাসী পরিবর্তন চান। তাঁরা কাউন্সিলর পদে নতুন মুখ দেখতে চান। ওয়ার্ডবাসীর ইচ্ছায় আমি পরিবর্তনের স্লোগান নিয়ে প্রার্থী হয়েছি।’

১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলী মোস্তফা মিশকাতুন নূর গতকাল দরগামহল্লা, মিঞা ফাজিলচিশত এলাকায় গণসংযোগ করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি উন্নয়নে বিশ্বাস করি। নির্বাচিত হলে এলাকার মুরব্বি ও তরুণদের যৌথ সহযোগিতায় ওয়ার্ডের আটটি মহল্লাকে নগরের আদর্শ এলাকায় রূপান্তর করতে চাই।’

কয়েক দিন ধরে নগরের ২৭টি ওয়ার্ডের শতাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকটি ওয়ার্ড ছাড়া আসন্ন নির্বাচনে নতুন কাউন্সিলর পদপ্রার্থীদের জয়লাভের সম্ভাবনা রয়েছে। এলাকার সৎ, যোগ্য ও উন্নয়নে আন্তরিক প্রার্থীকেই ভোটাররা নির্বাচিত করবেন বলে জানিয়েছেন।

খাসদবির এলাকার বাসিন্দা ইউসেফ-বাংলাদেশ ঘাসিটুলা স্কুলের শিক্ষিকা শাহিদা জামান বলেন, ‘যে কাউন্সিলর পদপ্রার্থী ওয়ার্ডের সমস্যা সমাধান ও উন্নয়নে যোগ্য, দক্ষ ও সক্ষম, তাঁকেই ভোট দেব।’