খুলনার পাইকগাছা পৌরসভার কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থীর মধ্যে ১০ জন স্বাক্ষরজ্ঞানসম্পন্ন ও দুজন তাঁদের শিক্ষাগত যোগ্যতার কোনো তথ্য উল্লেখ করেননি। সে হিসাবে ৩২ দশমিক ২৬ শতাংশ প্রার্থী স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এই পৌরসভার নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং দুজন প্রত্যাহার করেন। এখন প্রতিদ্বন্দ্বিতায় আছেন ৩৩ জন।
প্রার্থীদের হলফনামা ঘেঁটে জানা গেছে, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরদের মধ্যে বজলুর রহমান (নবম শ্রেণি), আলাউদ্দিন গাজী (অষ্টম শ্রেণি)। ২ নম্বর ওয়ার্ডের অহেদ আলী গাজী, আক্তার গোলদার, হাতেম সরদার স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। ৩ নম্বর ওয়ার্ডের গাজী আবদুস সালাম (এসএসসি), রহমত আলী গাজী (নবম শ্রেণি) ও আসাদুল ইসলাম অষ্টম শ্রেণি পাস। ৪ নম্বর ওয়ার্ডের প্রভাস চন্দ্র মণ্ডল (এইচএসসি), এসএম তৈয়বুর রহমান (বিএ), এস এম মোস্তাফিজুর রহমান (এমএ) ও গৌরাঙ্গ কুমার মণ্ডল (বিএসএস) পাস। ৫ নম্বর ওয়ার্ডের মনিরুজ্জামান (এসএসসি), রবি শংকর মণ্ডল (বিবিএস), শেখ রুহুল কুদ্দুস (বিএ), শ্রীস কান্তি রায় (এসএসসি) এবং সিরাজুল ইসলাম, গৌরাঙ্গ ব্যানার্জি ও আতাউর রহমান স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। এ ছাড়া এই ওয়ার্ডের জিয়া উদ্দীনের শিক্ষাগত যোগ্যতার তথ্য পাওয়া যায়নি।
৬ নম্বর ওয়ার্ডের এম এম সেলিম রেজা (এইচএসসি), কামাল আহমেদ (বিএসসি) পাস ও জি এম আবদুল আজিজ স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। ৭ নম্বর ওয়ার্ডের শেখ মোস্তাফিজুর রহমান (এইচএসসি), শেখ মাহবুবুর রহমান (বিএসএস) পাস। ওই ওয়ার্ডের প্রার্থী শেখ জামাল হোসেন, আলমগীর হোসেন ও রাজু শেখ স্বাক্ষরজ্ঞানসম্পন্ন এবং ছেকেন্দার গাজীর শিক্ষাগত যোগ্যতার তথ্য পাওয়া যায়নি। ৮ নম্বর ওয়ার্ডের কাজী নেয়ামুল হুদা (এইচএসসি) ও ইমরান সরদার এম এ পাস। ৯ নম্বর ওয়ার্ডের হেমেশ চন্দ্র মণ্ডল (বিএ) ও ইমদাদুল হক (এইচএসসি) পাস।
এ ব্যাপারে পাইকগাছা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মণ্ডল বলেন, ‘বর্তমান ডিজিটাল যুগে মানুষকে মানসম্মত সেবা দেওয়ার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অত্যন্ত প্রয়োজন। কিন্তু আমাদের দেশে নির্বাচন ব্যবস্থায় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করা হয় না। সরকারের উচিত প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার একটা ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করা।’