নোয়াখালীর চাটখিল পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী গোলাম কিবরিয়ার বাড়ি লক্ষ্য করে ফাঁকা গুলি ও ইটপাটকেল ছুড়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোরে এ হামলার ঘটে। হামলায় বাড়ির কেউ হতাহত না হলেও তিনটি জানালার কাচ ভেঙেছে। গতকাল নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রার্থী গোলাম কিবরিয়া আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী। এই ওয়ার্ডে আরও চারজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। গোলাম কিবরিয়া অভিযোগ করেন, তিনি নির্বাচনী প্রচারণা শুরু করার পর থেকেই অচেনা লোকজন তাঁর বাড়ির আশপাশে ঘোরাফেরা করতেন। এ কারণে নিরাপত্তার জন্য তিনি রাতে বাড়িতে পাহারার ব্যবস্থা করেন। গতকাল ভোর চারটার দিকে পাহারার দায়িত্বে থাকা লোকজন ঘরে ঢোকার পর তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক এসে তাঁদের বসতঘর লক্ষ্য করে কয়েকটি ইটপাটকেল ছুড়ে মারেন। এতে বসতঘরের তিনটি জানালার কাচ ভেঙে যায়। এ সময় তাঁরা ফাঁকা গুলি ছোড়েন। লোকজন বেরিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবরাউর হাসান মজুমদার বলেন, প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ তিনি পেয়েছেন।
চাটখিল থানার ওসি মো. নাছিম উদ্দিন বলেন, এক কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী কার্যালয় লক্ষ্য করে কে বা কারা গুলি করেছে বলে তিনি শুনেছেন। কিন্তু বাড়িতে হামলার অভিযোগ তিনি পাননি।