কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রানী বেগমের বিরুদ্ধে মনোনয়নপত্রের কাগজপত্রের সঙ্গে ভুয়া কর চিহ্নিতকরণ নম্বর (টিআইএন) ব্যবহারের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ-সমর্থিত সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসম্পাদক উম্মে তামিমা বিথী পটুয়াখালীর জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা এবং কলাপাড়া পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে এ অভিযোগ করেছেন।
উম্মে তামিমা বিথী অভিযোগ করেন, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রানী বেগম মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অন্য কাগজপত্রের সঙ্গে যে আয়কর বিবরণী দাখিল করেছেন, তা সম্পূর্ণ ভুয়া এবং জালিয়াতি করে তৈরি করা। রানী বেগমের মনোনয়নপত্র বাছাইকালে তাঁর টিআইএন নম্বর যাচাই করা হয়নি। এসব বিষয় অনুসন্ধান করে রানী বেগমের প্রার্থিতা বাতিল করার দাবি জানান তিনি।
রানী বেগম এ অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘আমি সঠিক কাগজপত্র দাখিল করেছি। তদন্তে ভুয়া প্রমাণিত হলে আমার প্রার্থিতা এমনিতেই বাতিল হয়ে যাবে।’
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘তাৎক্ষণিকভাবে এ বিষয়টি আমার চোখে ধরা পড়েনি। জেলা প্রশাসকের কাছে এ বিষয় নিয়ে আবেদন করা হয়েছে। সেখান থেকে যা সিদ্ধান্ত আসবে, সেটাই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।’