কাউন্সিলর প্রার্থীর মৃত্যুতে ওয়ার্ডে নির্বাচন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বেলায়েত হোসেন বাদল (৫৫) আজ বুধবার হৃদ্‌রোগে মারা গেছেন। এ কারণে নির্বাচনী বিধি অনুযায়ী ওই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের নির্বাচন কার্যক্রম বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নিহতের পরিবার জানায়, বেলায়েত উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি মনোহরদী পৌরসভার ওই ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র ছিলেন। এবারও তিনি কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন। আজ ভোর চারটার দিকে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরিবারের লোকজন তাঁকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ বেলা তিনটার দিকে মনোহরদী ডিগ্রি কলেজ মাঠে তাঁর জানাজা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বেলায়েত হোসেন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা আইন ২০১০ (সংশোধিত) অনুযায়ী, ভোটগ্রহণের আগে বৈধভাবে মনোনীত কোনো প্রার্থী মারা গেলে রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট পৌরসভার সংশ্লিষ্ট পদের নির্বাচন কার্যক্রম গণবিজ্ঞপ্তির মাধ্যমে বাতিল করে দেবেন।

মনোহরদীর রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন সুলতানা প্রথম আলোকে বলেন, গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচন বাতিল করা হয়েছে। পরে তফসিল ঘোষণা করে নির্বাচন সম্পন্ন করা হবে।