কাউন্সিলর প্রার্থীর স্ত্রীর ওপর হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে জামায়াত-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মাহফুজুল ইসলামের স্ত্রীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওয়্যারলেস এলাকায় নির্বাচনী প্রচারণার সময় এ হামলা চালানো হয়।
এ ঘটনার জন্য আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন হিরণের সমর্থকদের দায়ী করা হয়েছে। হিরণ অবশ্য অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা অভিযোগ এনেছেন মাহফুজুলের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাহফুজুলের স্ত্রী খায়রুল জান্নাত দুপুর সাড়ে ১২টার দিকে ওয়্যারলেস এলাকায় গণসংযোগ করছিলেন। এ সময় তাঁর ওপর চড়াও হন হিরণের সমর্থকেরা। এতে জান্নাতের গণসংযোগ ভণ্ডুল হয়ে যায়।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের চট্টগ্রামের আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, সরকার-সমর্থক দুর্বৃত্তরা মাহফুজুলের স্ত্রী ও আত্মীয়দের ওপর হামলা চালিয়েছে। এর আগে তারা মাহফুজুলের প্রচারণায় ব্যবহৃত মাইকও ভাঙচুর করে। কিন্তু নির্বাচন কমিশন ও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন বলেন, এই অভিযোগ সত্য নয়। বরং তাঁরা (অভিযোগকারীরা) পবিত্র কোরআন শরিফ নিয়ে নারী ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। এ ব্যাপারে ১৪ এপ্রিল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, মাহফুজুল সরকারের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ ও উসকানিমূলক প্রচারপত্র বিলি করছেন। এটাও রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, নির্বাচনের আড়ালে সহিংস ঘটনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) আনসারুল করিম বলেন, প্রচারণার সময় হামলা হয়েছে বলে মাহফুজুলের স্ত্রী লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে একজন দারোগা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।
নাশকতার মামলায় মাহফুজুল বর্তমানে পলাতক। তাঁর পক্ষে তাঁর স্ত্রী ও আত্মীয়রা প্রচারণা চালাচ্ছেন।