কুমিল্লা সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তালিকাভুক্ত সন্ত্রাসী ও শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল (৩৮) বাহিনীর বিরুদ্ধে এককাট্টা হয়েছেন ওই ওয়ার্ডের বাসিন্দারা।গত রোববার রাতে নগরের একটি রেস্তোরাঁয় এলাকাবাসী সভা করে বিল্লাল ও তাঁর বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করে। একই সঙ্গে নগরের ছোটরা এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। জানা যায়, গত রোববার রাত আটটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নগরের একটি রেস্তোরাঁয় ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সভা করেন। ছোটরা এলাকার বাসিন্দা শাহজাহানের সভাপতিত্বে ওই সভা হয়।এতে উপস্থিত ছিলেন কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) মুজিবুর রহমান, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুর রাজ্জাক, ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তানসেন হোসেন, প্রকৌশলী শফিকুর রহমান ভূঁইয়া, সংগীতশিল্পী কাজী ইকরাম মোস্তাফিজ পপলু, আইনজীবী জামাল উদ্দিন ভূঞা, ক্রীড়া সংগঠক খায়রুল আলম সোহাগ ও আবুল কালাম আজাদ। এদিকে দ্রুত বিচার আইন ও চাঁদাবাজির চারটি মামলায় গত রোববার বিল্লালের জামিন চান তাঁর আইনজীবীরা। সব আদালতই রাষ্ট্রপক্ষের তীব্র বিরোধিতা ও যুক্তিতর্কের আলোকে বিল্লালের জামিন নামঞ্জুর করে দেন।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর বিল্লাল ফুটপাত ও নালা দখল করে অনুমোদনহীনভাবে কাউন্সিলর ভবন নির্মাণ শুরু করে। এরপর একে একে চাঁদাবাজি ও জনসাধারণকে মারধর শুরু করে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় পাঁচটি মামলা রয়েছে। একই সঙ্গে রয়েছে একাধিক জিডি। তার ওপর এলাকাবাসীর সন্ত্রাস নির্মূল কমিটি ওই বাহিনীর অত্যাচারকে প্রতিরোধ করতে পারবে বলে আমার বিশ্বাস।’কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান বলেন, ‘বিল্লাল জেলা পুলিশের তালিকাভুক্ত ৯ নম্বর সন্ত্রাসী। বর্তমান সরকারের আমলে নির্বাচিত কাউন্সিলর হওয়া সত্ত্বেও তিনি রাতের বেলায় জনসাধারণের বাড়িতে প্রবেশ করে গুলিবর্ষণ ও চাঁদা দাবি করেন।’ চলতি বছরের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন মো. বিল্লাল। প্রসঙ্গত কাউন্সিলর বিল্লালকে এক আইনজীবীর বাসায় সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজির ঘটনায় গত ৩ এপ্রিল পুলিশ গ্রেপ্তার করে। এর পর থেকে তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।