কুমিল্লা সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. বিল্লালকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত এক চিঠিতে ওই তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, কাউন্সিলর মো. বিল্লালের বিরুদ্ধে ফৌজদারি মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) গৃহীত হওয়ায় তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ১২(৩) উপধারা অনুযায়ী মেয়রকে ওই কাউন্সিলরের দায়িত্ব পাশের একজন কাউন্সিলরকে দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়। গত ১৬ অক্টোবর মন্ত্রণালয় থেকে ওই চিঠি পাঠানো হয় বলে করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন।অভিযোগ রয়েছে, চলতি বছরের ২ এপ্রিল রাত ১২টা ৩০ মিনিটে নগরের ছোটরা এলাকার ১৫৩/৫, তোয়া হাউজিং এলাকার বাসিন্দা জামাল উদ্দিন ভূঞার বাসায় গিয়ে কাউন্সিলর মো. বিল্লাল ও তাঁর সহযোগীরা দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। জামাল উদ্দিন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিল্লাল নিজেই বাসার মধ্যে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন।ওই ঘটনায় বিল্লালের বিরুদ্ধে নগরের ছোটরা এলাকার দুজন বাসিন্দা ৩ এপ্রিল দ্রুত বিচার আইনে ও চাঁদাবাজির দুটি মামলা করেন। মামলা দায়েরের পরই তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। দীর্ঘদিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। এ ব্যাপারে মো. বিল্লাল গতকাল বুধবার বেলা ১১টায় নগর ভবনে এই প্রতিবেদককে বলেন, ‘মন্ত্রণালয় থেকে বরখাস্তের চিঠি পাওয়ার পর ওই আদেশের বিরুদ্ধে আমি হাইকোর্টে স্থগিতাদেশ চেয়েছি। মহামান্য হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছেন।’ তিনি দাবি করে বলেন, ‘আমি কারও বাড়িতে হামলা ও গুলি করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।’