কাউন্সিলর বিল্লালের বিরুদ্ধে আরও দুটি মামলা
কুমিল্লা সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. বিল্লালের বিরুদ্ধে আরও দুটি চাঁদাবাজির মামলা হয়েছে। মামলা দুটি দায়ের করেন ছোটরা তোয়া হাউজিং এলাকার বাসিন্দা হুমায়ুন কবীর ভূঁইয়া ও শাহ আলম। গত বুধবার রাত নয়টায় কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় ওই মামলাগুলো দায়ের করা হয়। এদিকে দ্রুত বিচার আইনে ও চাঁদাবাজির দুটি মামলায় বর্তমানে বিল্লালকে জিজ্ঞাসাবাদ করছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার সকালে বিল্লালকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে কোতোয়ালি মডেল থানার হাজতখানায় আনা হয়। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে মামলা দায়ের ও রিমান্ডে আনার বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, নগরের ছোটরা তোয়া হাউজিং এলাকার বাসিন্দা হুমায়ুন কবীর ভূঁইয়া ও শাহ আলমের কাছে বিল্লাল দুই লাখ টাকা করে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিল্লাল তাঁদের প্রাণনাশের হুমকি দেন। উদ্ভূত পরিস্থিতিতে তাঁরা মামলা করেন।