কাউন্সিলর শওকতের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দরে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠবস করানোর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটির সাক্ষ্যগ্রহণ চলাকালে গত মঙ্গলবার সার্কিট হাউসের দোতলায় ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম ওরফে শকুকে অবস্থান করতে দেখা যায়। শওকত চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলা মামলার আসামি।
মঙ্গলবার সার্কিট হাউসের দোতলার একটি কক্ষে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) শেখ হাফিজুর রহমান শ্যামল কান্তি ভক্তসহ ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন। কমিটি যাঁদের সাক্ষ্য নিয়েছে, তাঁদের আগেই চিঠি দিয়ে জানানো হয়েছিল। তবে চিঠি না পাওয়া সত্ত্বেও নারায়ণগঞ্জ নগর বিএনপির যুগ্ম সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম সাক্ষীদের ওপর প্রভাব বিস্তার করতে ক্যাডারদের নিয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সার্কিট হাউসে অবস্থান করেন বলে অভিযোগ উঠেছে।
র‌্যাব-১১-এর সূত্র জানায়, শওকত হাশেমের বিরুদ্ধে নারায়ণগঞ্জ, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা ছিল। ৫টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর দুটি মামলা প্রত্যাহার করা হয়। অন্য তিনটি মামলা থেকে খালাস পান শওকত হাশেম। ২০০১ সালের ১৬ জুন চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে শক্তিশালী বোমা হামলায় ২০ জন নিহত হন। এ ঘটনায় শওকত হাশেমসহ ২০ থেকে ২৫ জনকে আসামি করে সদর মডেল থানায় দুটি মামলা হয়। দুটি মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দুটি মামলায় অভিন্ন ছয়জনকে অভিযুক্ত করা হয়। আসামিরা হলেন শওকত হাশেম, হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নান, হুজির সদস্য দুই ভাই আনিসুল মোরসালীন, মাহবুবুল মুত্তাকীন, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা শাহাদাৎ উল্লাহ জুয়েল ও নগরের উত্তর চাষাঢ়ার বাসিন্দা ওবায়দুল হক। বর্তমানে মামলা দুটির বিচারকাজ চলছে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত ও ২ নম্বর বিশেষ ট্রাইব্যুনালে। মামলার ছয় আসামির মধ্যে শওকত হাশেম জামিনে রয়েছেন।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ২০ খুনের মামলার আসামি শওকত হাশেম কীভাবে জেলা প্রশাসনের সার্কিট হাউসে টানা সাত ঘণ্টা অবস্থান করলেন, তা খতিয়ে দেখা উচিত। সে সময় সার্কিট হাউসে পুলিশ ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ছিলেন। মূলত সাংসদ সেলিম ওসমানের পক্ষে প্রভাব বিস্তার করার জন্যই শওকত হাশেম ক্যাডারদের নিয়ে সার্কিট হাউসে গিয়েছিলেন।
জানতে চাইলে গতকাল বুধবার রাত নয়টায় শওকত হাশেম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমিসহ দুজন কাউন্সিলর সেখানে (সার্কিট হাউস) গিয়েছিলাম। তবে অনুমতি ছাড়া সেখানে থাকা যাবে না, এ কথা জানার পর আমরা চলে এসেছি।’ সেলিম ওসমানের পক্ষে প্রভাব বিস্তারের অভিযোগ বিষয়ে তিনি বলেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন।
সার্কিট হাউস ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জেতী প্রু বলেন, বিচারিক কার্যক্রম চলাকালে শওকত হাশেম সার্কিট হাউসে অবস্থান করেছেন কি না, সে ব্যাপারে জেলা প্রশাসনের কাছে কোনো তথ্য নেই।