কাউন্সিলর সোহাগ বাহিনীর কাছে জিম্মি এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শহর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আকছিরুল বাশার ওরফে সোহাগ বাহিনীর কাছে জিম্মি ভাটপাড়া, মৌলভীপাড়া ও বিষ্ণুপুর এলাকার বাসিন্দারা। মাদক ব্যবসা, অস্ত্রবাজি, চাঁদাবাজি, জবরদখলকে ঘিরে তাঁর বাহিনীর কমপক্ষে ২৫ জন সদস্য এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে।২৭ মামলার আসামি সোহাগ ১০ জুন রাতে ভাটপাড়া এলাকার কলেজশিক্ষক এ কে এম মশিউল আলমকে খুন করেন বলে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে। তাঁর বাহিনীর প্রায় সব সদস্যের বিরুদ্ধেই হত্যা মামলা রয়েছে। শিক্ষক খুনের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিকেল গড়ালেই এলাকায় সুনসান নীরবতা নেমে আসে।এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, ১৯৮৯ সালে কুমিল্লা পৌরসভার নির্বাচনের দিন মৌলভীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ব্যালট বাকস ছিনতাই করার সময় পুলিশের গুলিতে তাঁর বাঁ হাত উড়ে যায়। পরবর্তী সময়ে হাতের অর্ধেক অংশ কেটে ফেলতে হয়।কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সৈয়দ আবু মো. শাহজাহান কবীর প্রথম আলোকে বলেন, ১৯৯১ সাল থেকে ২০১১ সালের ১১ জুন পর্যন্ত কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় তাঁর বিরুদ্ধে ২৭টি মামলা ও তিনটি জিডি হয়েছে। ২০১০ সালের ১০ অক্টোবর কুমিল্লা শহরের কান্দিরপাড় টাউন হল মাঠে যুবদলের সম্মেলনে অস্ত্রবাজির ঘটনায় তাঁর বিরুদ্ধে দ্রুত বিচার ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়। একটি ছাড়া অন্য সব মামলায় তিনি জামিনে আছেন। সোহাগ পুলিশের খাতায় একজন চিহ্নিত সন্ত্রাসী।এলাকাবাসী জানান, ২০০০ সালের নির্বাচনে কারাবন্দী সোহাগ কাউন্সিলর নির্বাচিত হন। এরপর জামিনে মুক্তি পেয়ে নিজের নামে বাহিনী গঠন করেন। গত ১০ জুন রাতে কলেজশিক্ষক এ কে এম মশিউল আলমের ওপর ওই বাহিনীর সদস্যরা সোহাগের নেতৃত্বে হামলা করে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় তাঁর বিপক্ষে কেউ গেলে তাঁকে শায়েস্তা করা হতো। পুলিশ বিশাল ও পিটার নামের সোহাগ বাহিনীর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। রিমান্ডে তাঁরা সোহাগের নানা অপকর্মের কথা স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করেছে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘সোহাগ ভয়ংকর সন্ত্রাসী! পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোহাগ বাহিনী ওই শিক্ষককে খুন করে। আলেখার চরের কালু ডাকাতের সঙ্গে সোহাগের সম্পর্ক ছিল। তাঁর পরিবার ও জ্ঞাতিগোষ্ঠীর লোকেরা সন্ত্রাসমূলক কাজে তাঁকে সহযোগিতা করে আসছেন। তাঁর দুই ভাগনে চিহ্নিত মাদক ব্যবসায়ী।’সোহাগের দুই মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আবু মো. শাহজাহান কবীর জানান, ভাটপাড়া এলাকার বিশাল, তুহিন, কুইট্টা ও ইমনের মাধ্যমে সোহাগ মাদক ব্যবসা করেন। ইমন জেলা প্রশাসকের কার্যালয়ের একজন কর্মচারী। এ বাহিনীর সঙ্গে জেলা প্রশাসনের কার্যালয়ের কিছু লোক ও আদালতের কিছু কর্মচারীর যোগাযোগ রয়েছে, যে কারণে বিভিন্ন সময়ে ওই দুটি কার্যালয়কে ব্যবহার করে তাঁরা এলাকায় প্রভাব বিস্তার করেন। পুলিশ এবার তাঁদের মূলোৎপাটন করবে। সোহাগ সুবিধা না পেয়ে পুলিশের বিরুদ্ধেও মামলা করেছিলেন।সোহাগ বা তাঁর পরিবারের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে কাউন্সিলর সোহাগ একাধিকবার প্রথম আলোর কুমিল্লা কার্যালয়ে এসে এ প্রতিবেদকের কাছে দাবি করে বলেন, ‘আমি ভালো হয়ে গেছি। অন্য ব্যক্তিরা ঈর্ষান্বিত হয়ে আমাকে সন্ত্রাসী বলছে। পুলিশও হয়রানি করছে।’