কাউন্সিলরকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছেন যুবলীগের কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের পাহাড়তলীর ওয়ার্ড কাউন্সিলরকে গতকাল মঙ্গলবার প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। পাহাড়তলী ওয়ার্ড কার্যালয়ের জন্মনিবন্ধন সহকারী আনোয়ার হোসেনকে কার্যালয় থেকে বের করে দেওয়ায় স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা তাঁকে অবরুদ্ধ করেন বলে জানা গেছে।ওয়ার্ড কার্যালয় সূত্রে জানা গেছে, কাউন্সিলরের স্বাক্ষর জাল করে নাগরিকত্ব সনদ দেওয়ার অভিযোগে কার্যালয়ের জন্মনিবন্ধন সহকারী আনোয়ার হোসেনকে ওয়ার্ড কার্যালয় থেকে বের করে দেন স্থানীয় কাউন্সিলর মাহফুজুল আলম। এ ঘটনার প্রতিবাদে গতকাল আওয়ামী লীগ সমর্থিত সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেনের নেতৃত্বে যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা ওয়ার্ড কার্যালয়ে মাহফুজকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। মাহফুজ জামায়াতদলীয় ওয়ার্ড কাউন্সিলর। সূত্র জানায়, নগরের দেওয়ানহাট এলাকার একটি পোশাক কারখানার এক নারীশ্রমিক পাহাড়তলী ওয়ার্ড থেকে নাগরিকত্ব সনদ নিয়ে তাঁর কর্মস্থলে জমা দেন। কিন্তু কারখানার কর্মকর্তারা সনদটি জাল বলে দাবি করেন। কারণ একই ওয়ার্ডের আরও কিছু শ্রমিকের জমা দেওয়া সনদের সঙ্গে এই নিবন্ধনে দেওয়া স্বাক্ষরের মিল নেই। বিষয়টি তাঁরা কাউন্সিলরকে জানান।তখন কাউন্সিলর মাহফুজুল আলম অনুসন্ধান করে দেখেন, মিজানুর রহমান নামের এক ব্যক্তি এ সনদ সরবরাহ করেছেন। তিনি একটি বীমা প্রতিষ্ঠানের মাঠকর্মী। গত সোমবার মিজানকে আটক করা হয়। মিজান বলেন, ওয়ার্ড কার্যালয়ের জন্মনিবন্ধন সহকারী আনোয়ার হোসেন তাঁকে ওই সনদ দিয়েছেন। আনোয়ার বিষয়টি স্বীকারও করেন। তবে আনোয়ার বলেন, ‘মিজান তাঁকে বলেছেন, তাঁর বাড়ি কাউন্সিলরের বাড়ির কাছে। তিনি কাউন্সিলরের স্বাক্ষর করিয়ে নেবেন। জন্ম সনদ তাঁর জরুরি দরকার।’ তিনি অভিযোগ করেন, ‘পাহাড়তলী সেগুনবাগান এলাকায় কাউন্সিলরের সামনে এসব কথাবার্তা চলাকালে মোহাম্মদ রাজু নামের একজন তাঁকে মারধর শুরু করেন। কিন্তু কাউন্সিলর ঘটনার প্রতিবাদ করেননি।’গতকাল সকালে আনোয়ার হোসেন ওয়ার্ড কার্যালয়ে এলে তাঁকে ঢুকতে বাধা দেন কাউন্সিলর মাহফুজুল আলম। এটা জানাজানি হলে সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেনের নেতৃত্বে স্থানীয় যুবলীগের নেতারা কাউন্সিলরকে তাঁর কার্যালয়ে ঘেরাও করেন। খবর পেয়ে খুলশী থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পরে বিকেলে পুলিশের মধ্যস্থতায় যুবলীগের নেতারা সেখান থেকে সরে যান। ওয়ার্ড কাউন্সিলর মাহফুজ বলেন, ‘আমরা ১৮ বছরের কম বয়সীদের বিনা মূল্যে এবং বেশি বয়সীদের কাছে ৫০ টাকার বিনিময়ে জন্ম সনদ দিয়ে থাকি। কিন্তু আনোয়ারের বিরুদ্ধে কাউন্সিলরের স্বাক্ষর ছাড়া সনদ দেওয়ার অভিযোগ ওঠায় আমি তাঁকে কাজ থেকে বিরত থাকতে বলি। এ খবর শুনে যুবলীগের নেতারা একজন সাবেক কাউন্সিলরের নেতৃত্বে আমাকে ওয়ার্ড কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।’ খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘একটি সনদ নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। বিষয়টিকে তারা ব্যক্তিগতভাবে নিতে চেয়েছিল। আমরা দুই পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করি।’ মোহাম্মদ হোসেন বলেন, ‘আসলে সনদে স্বাক্ষর জাল করেছেন জীবন বীমার কর্মী মিজানুর রহমান। ওয়ার্ড কাউন্সিলর মাহফুজ ইচ্ছা করে আনোয়ারকে ফাঁসানোর চেষ্টা করেন। আমরা এর প্রতিবাদ করেছি। কারণ আনোয়ার আমাদের দলীয় ছেলে।’