কাউন্সিলরকে হাতুড়িপেটা
ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচন-পরবর্তী সহিংসতা থামছেই না। এবার সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে নবনির্বাচিত কাউন্সিলর সেলিম রেজা ওরফে ঠাণ্ডুকে। আহত ওই কাউন্সিলরের বাড়ি শহরের হলবাজার এলাকায়। গত মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকাকালীন সন্ত্রাসীরা তাঁকে হাতুড়িপেটা করে।সেলিম রেজা এবার শৈলকুপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি শৈলকুপা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি বলে জানিয়েছেন দলের উপজেলা শাখার সভাপতি ও সাবেক সাংসদ এম এ ওহাব। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় সেলিম রেজা তাঁর সিনেমা হল সড়কের বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সরকারি দলের ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী তাঁর ওপর হামলা করে। সন্ত্রাসীরা তাঁকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানকার চিকিৎসক জানিয়েছেন, তিনি গুরুতর আহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, তাঁর ডান পা ভেঙে গেছে। সেলিম রেজা অভিযোগ করেছেন, সরকারি দলের পরাজিত প্রার্থী তৈয়বুর রহমানের পক্ষে নির্বাচন না কারায় তাঁর সমর্থক সন্ত্রাসীরা তাঁকে পিটিয়েছেন। ঘটনার নিন্দা জানিয়ে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এম এ ওহাব বলেন, তৈয়বুর রহমান নির্বাচনে হেরে বেপরোয়া হয়ে উঠেছেন। হিন্দু সম্প্রদায়ের লোকজনকে মারধর করা হচ্ছে। তাঁদের দোকানপাট খুলতে দেওয়া হচ্ছে না। ব্যবসা-বাণিজ্য বন্ধ করে তাঁরা ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। একই কথা বলেন, নবনির্বাচিত মেয়র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজী আশরাফুল আজম। এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, একদল সন্ত্রাসী কাউন্সিলর ঠাণ্ডুকে মারধর করেছে। তিনি জানান, মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে শৈলকুপায় নির্বাচন-পরবর্তী সহিংসতার বিষয়ে সরকারি দলের পরাজিত মেয়র পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তৈয়বুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় শৈলকুপা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন দাবি করেছেন, তাঁর লোকজন কোনো হিংসাত্মক বা সহিংস কর্মকাণ্ডে জড়িত নন। সংখ্যালঘুদের ওপর কোনো হামলা হয়নি।