কাউন্সিলরদের অনুরোধে তিন বিষয়ে অকৃতকার্যরাও পরীক্ষায় অংশ নিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি (মাধ্যমিক) পরীক্ষায় এবার সিটি করপোরেশনের স্কুলগুলোর ফল বিপর্যয় ঘটেছে। সামগ্রিকভাবে গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে। একইভাবে শতভাগ পাস করা স্কুলের সংখ্যাও অনেক কমে গেছে। নির্বাচনী পরীক্ষায় তিন বিষয়ে অকৃতকার্যদেরও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের অনুরোধে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ায় এ ধরনের বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। জানা যায়, সিটি করপোরেশন পরিচালিত স্কুলগুলোতে নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফল প্রকাশের পর অন্তত তিন দফায় বিশেষ বিবেচনায় অকৃতকার্য শিক্ষার্থীদের এসএসসিতে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়। ফল খারাপ হওয়া ছাত্রছাত্রীদের অভিভাবকেরা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের কাছে এ ব্যাপারে সুপারিশ করেন। কাউন্সিলররা তখন স্কুল কর্তৃৃপক্ষের ওপর চাপ দিতে থাকেন। এভাবে কাউন্সিলরদের অনুরোধে প্রথমে এক বিষয়ে অকৃতকার্যদের, পরে দুই বিষয়ে এবং সবশেষে তিন বিষয়ে অকৃতকার্যদেরও এসএসসিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। ফল বিপর্যয়ের কারণ হিসেবে কাউন্সিলরদের অনুরোধের বিষয়টি স্বীকার করে সিটি করপোরেশনের শিক্ষা কর্মকর্তা এম আর ফারুকী প্রথম আলোকে বলেন, ‘আমরা স্ট্যান্ডিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেব, যাতে করে ভবিষ্যতে নির্বাচনী পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিতরাই কেবল এসএসসি পরীক্ষায় অংশ নেয়; অনুরোধ রাখতে গিয়ে যাতে সার্বিক ফলাফলে কোনো প্রভাব না পড়ে। এ ব্যাপারে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা জোরদার করা হবে।’ করপোরেশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত ৪৪টি স্কুলে এ বছর পাসের হার ছিল ৯১ দশমিক ৬১। অথচ গত বছর পাসের হার ছিল ৯৬ দশমিক ২০। অপরদিকে, করপোরেশনের ১৬টি স্কুলের শিক্ষার্থীরা শতভাগ পাস করলেও এ বছর পাস করেছে মাত্র চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এগুলো হচ্ছে—অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়, কাট্টলী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়, হালিশহর আহমদ মিয়া সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ও হালিশহর আলহাজ মহব্বত আলী সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়। এর মধ্যে অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ও কাট্টলী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা গতবারও শতভাগ পাস করেছিল। আবার দুই বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গত বছরের তুলনায় এ বছরে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। গত বছর ৪৪টি স্কুলের পরীক্ষার্থী ছিল দুই হাজার ৯৭৭ জন। এর মধ্যে পাস করেছে দুই হাজার ৮৬৪ জন। অকৃতকার্য হয়েছে ১১৩ জন। এ বছর মোট পরীক্ষার্থী ছিল তিন হাজার ৫৩০ জন। পাস করেছে তিন হাজার ২৩৪ জন। অকৃতকার্য হয়েছে ২৯৬ জন। সিটি করপোরেশন স্কুলের অর্জন হিসেবে বলা যায়, এ বছর এসব স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। যদিও পরীক্ষার্থী বেড়েছে বলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে বলে ধারণা করা হয়। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩০৫ জন। গত বছর ২৮৮ জন জিপিএ-৫ পেয়েছে। এ বছর চট্টগ্রাম বোর্ডে সেরা ২০টি স্কুলের মধ্যে অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ১৬তম স্থান দখল করেছে।