কাউন্সিলরদের অপকর্ম, দুর্ভোগ নগরবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার বাসিন্দা শফিউল আযমের পেশাগত প্রয়োজনে জন্মসনদ প্রয়োজন। অথচ সিটি করপোরেশনের নির্ধারিত ফরম পূরণ করে তিনি তা জমা দিতে পারছেন না। কেননা, তাঁর এলাকার নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর (২ নম্বর ওয়ার্ড) নজরুল ইসলাম গত ২৭ এপ্রিল অপহৃত ও খুন হয়েছেন। কাউন্সিলর না থাকায় বিপাকে পড়েছেন শফিউলের মতো এই ওয়ার্ডের আরও অনেক বাসিন্দা।
ওই দিন কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজন খুন হন। এ মামলার প্রধান আসামি ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেন ভারতের কারাগারে আটক। নূর হোসেনের অপকর্মের অন্যতম প্রধান সহযোগী তাঁরই ভাতিজা ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলও সাত খুনের ঘটনার পর থেকে পলাতক। নূর হোসেনের বান্ধবী ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস একটি হত্যা মামলায় বর্তমানে কারাগারে। অর্থ আত্মসাতের মামলায় কয়েকবার গ্রেপ্তার ও কারাবরণ করা ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর ইসলাম গত সোমবার জামিনে মুক্তি পেয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড নিয়ন্ত্রণ করতেন নূর হোসেন। সাংসদ শামীম ওসমানের ছত্রচ্ছায়ায় নূর হোসেন সিদ্ধিরগঞ্জের অধিপতি ছিলেন। ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুর রহিম ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থক হলেও নূর হোসেনের দোর্দণ্ড প্রতাপে এত দিন কোণঠাসা ছিলেন। ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুলের সঙ্গে শত্রুতা থাকায় এ ওয়ার্ডও নিয়ন্ত্রণ করতেন নূর হোসেন। ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল বাদল হচ্ছেন নূর হোসেনের ভাতিজা। ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেন নিজেই। মূলত এই চার ওয়ার্ডকে কেন্দ্র করে নূর হোসেন পুরো সিদ্ধিরগঞ্জ অঞ্চলে চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করতেন।
জান্নাতুল ফেরদৌসকে গত বছর সংঘটিত জুয়েল হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মাদক ব্যবসায় ৭০ লাখ টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে জান্নাতুল ভাড়াটে খুনি দিয়ে জুয়েলকে খুন করান।
১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর ইসলামের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, প্রতারণা ও অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ রয়েছে। সর্বশেষ এক কোটি ৬০ লাখ টাকার একটি চেক জালিয়াতি মামলায় সদর মডেল থানার পুলিশ গত রোববার রাতে আলমগীরকে গ্রেপ্তার করেছিল।
গত এপ্রিল মাসে ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ম্যানেজারের লাশ উদ্ধার করে পুলিশ। এ হত্যা মামলায় পুলিশ কাউন্সিলর সিরাজের ছেলেকে গ্রেপ্তার করেছে। ওই ঘটনার পর থেকে সিরাজকে এলাকায় কম দেখা যাচ্ছে। এসব ওয়ার্ডের বাসিন্দারা কাউন্সিলরদের না পাওয়ায় মৃত ব্যক্তির উত্তরাধিকার, জাতীয়তা ও চারিত্রিক সনদ পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
খুনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে কাউন্সিলরদের সম্পৃক্ততা প্রসঙ্গে সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রথম আলোকে বলেন, কারও ব্যক্তিগত অপকর্মের দায় সিটি করপোরেশন নেবে না।