কাউন্সিলরদের আয় এত কম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সদ্য বিদায়ী কাউন্সিলর শেখ মোছাদ্দেক হোসেন কাউন্সিলর হিসেবে বছরে পারিতোষিক পান এক লাখ ৮০ হাজার টাকা। এটাই তাঁর আয়ের একমাত্র উৎস। এবার কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দেওয়া হলফনামায় তিনি এ তথ্য দিয়েছেন।

সদ্য বিদায়ী ৩১ জন কাউন্সিলরের মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছেন ২৫ জন। তাঁদের ১৫ জনই বার্ষিক আয় দেখিয়েছেন দুই লাখ টাকার নিচে। বিষয়টিকে অস্বাভাবিক মনে করছেন সচেতন মানুষ।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান মনে করেন, মূলত আয়কর ফাঁকি দেওয়ার জন্যই প্রার্থীরা এসব মিথ্যা তথ্য দিয়েছেন। তিনি বলেন, ‘এসব তথ্য ডাহা মিথ্যা। তাঁদের প্রধান উদ্দেশ্য সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া।’ এত অল্প আয়ে তাঁদের সংসার চলে কীভাবে, আর তাঁরা নির্বাচনই বা করবেন কীভাবে?’

 ১৩ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর মোছাদ্দেক ২০০৮ সালে দেওয়া হলফনামায় আয় দেখিয়েছিলেন প্রায় পাঁচ লাখ টাকা। আয়ের উৎস ছিল ব্যবসা, মাছ চাষ, ঠিকাদারি ও পারিতোষিক। কিন্তু গত পাঁচ বছরে তাঁর আয় কমেছে বলে উল্লেখ করেন তিনি। এখন কীভাবে চলে জানতে চাইলে তিনি বলেন, ‘শ্যালকের জমি বিক্রির টাকা পেয়েছি। এভাবেই চলছে।’ নির্বাচনী ব্যয় চালাবেন কীভাবে—এ প্রশ্নের জবাবে বলেন, ‘গতবার বিনা পয়সায় করেছি। এবারও তাই করব।’ মোছাদ্দেক প্রথম শ্রেণীর ঠিকাদার হিসেবে তাঁর পেশা দেখিয়েছেন।

২৯ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর গিয়াস উদ্দিন। হলফনামা অনুসারে ভাতার বাইরে তাঁর বার্ষিক আয় মাত্র ৩০ হাজার টাকা। ২০০৮ সালে তিনি হলফনামায় বার্ষিক আয় দেখান এক লাখ ২০ হাজার টাকা। সে সময় তিনি মুরগির খামার ব্যবসাকে আয়ের উৎস হিসেবে দেখিয়েছিলেন। এবারে আয় কমে যাওয়া প্রসঙ্গে গিয়াস বলেন, ‘বার্ড ফ্লুর কারণে খামার বন্ধ হয়ে গেছে। এখন ভাই-ব্রাদার সাহায্য করে। এভাবেই চলে।’ 

২ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর শেখ ইউনুচ আলী ব্যবসা, বাড়িভাড়া ও কৃষি খাত থেকে বছরে এক লাখ ২০ হাজার টাকা আয় করেন বলে হলফনামায় তথ্য দিয়েছেন। পাঁচ বছর আগে নির্বাচনী হলফনামায় এই তিনটি খাত থেকে তাঁর আয় হতো এক লাখ ৪০ হাজার টাকা। আগেরবার ব্যাংকে ছিল ২০ হাজার টাকা। এবারও টাকার পরিমাণ এটাই রয়ে গেছে। তাঁর আয় নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এই হলফনামা লিখে দিয়েছেন আরেকজন। আমি ঠিকমতো দেখিনি।’

আয় কমে যাওয়ার ব্যাপারে প্রার্থীদের প্রায় সবাই একই ধরনের উত্তর দেন। ব্যবসা ও ঠিকাদারি না থাকায় আয় কমে গেছে বলে জানান তাঁরা।

কাউন্সিলরদের আয় সম্পর্কে খুলনা নাগরিক ফোরামের চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুম বলেন, ‘কাউন্সিলররা বাস্তবতাবিবর্জিত অসত্য তথ্য দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে তদন্ত করে  ব্যবস্থা নেওয়া উচিত।’

যোগাযোগ করা হলে প্রার্থীদের এমন আয়ের বিষয়ে খুলনার কর কমিশনার (ক অঞ্চল) গোলাম মোস্তফা বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমাদের কাছে শুধু জানতে চাওয়া হয়েছিল, প্রার্থীদের কর শনাক্তকরণ নম্বর (টিন) আছে কি না। আমরা দেখেছি, সবারই তা আছে।’

 রিটার্নিং কর্মকর্তা মোস্তফা ফারুক বলেন, হলফনামার বিষয়ে কেউ অভিযোগ করলে তদন্ত করে দেখা যেতে পারে।