কাউন্সিলরদের তদবির ও অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণিতে ভর্তি নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন কয়েকজন প্রভাবশালী ওয়ার্ড কাউন্সিলর। আবার তাঁদের বিরুদ্ধেও ওই কলেজে তদবিরের মাধ্যমে ছাত্রী ভর্তি করানোর জন্য একটি তালিকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এসব ঘটনা তদন্তে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটি গত ৫ জুলাই অভিযোগকারী কাউন্সিলর, অধ্যক্ষ এবং ভর্তি কার্যক্রম পরিচালনাকারী শিক্ষকদের সঙ্গে সরাসরি কথা বলে অভিযোগের সত্যতা নিশ্চিত করে।
করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী প্রথম আলোকে জানান, ভর্তির ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি। একটি স্বার্থান্বেষী মহল তদবির করে ভর্তি করাতে চেষ্টা করেছিল, তা না পেরে অনিয়মের অভিযোগ তুলেছে।
প্রভাবশালী কাউন্সিলরদের পক্ষ থেকে ভর্তির ব্যাপারে তদবির এবং একটি তালিকা দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে প্রধান নির্বাহী কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৩০ জুন এক ছাত্রীকে নিয়মবহির্ভূতভাবে ভর্তি করানোর ঘটনা নিয়ে কলেজের অধ্যক্ষের কক্ষে তালা দিয়ে বিক্ষোভ করে স্থানীয় লোকজন। তাঁরা ভর্তির জন্য কলেজের অধ্যক্ষকে চাপ দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। তদবির করে ব্যর্থ হন কয়েকজন প্রভাবশালী কাউন্সিলরও। পরে তাঁরা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন করপোরেশন কর্তৃপক্ষের কাছে।
কলেজের অধ্যক্ষ জারেকা বেগম বলেন, ‘আমার জানামতে কোনো অনিয়ম হয়নি।’
করপোরেশনের শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, কাপাসগোলা কলেজসহ ছয়টি কলেজে অনলাইনে ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
গত ৩০ জুন ভর্তি কার্যক্রম শেষ হয়ে যায়। ২১ জুলাই পর্যন্ত বিলম্ব ফি দিয়ে ভর্তির সুযোগ রয়েছে। প্রতিটি কলেজে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা মিলে ২০০টি করে মোট ৬০০টি আসন রয়েছে। ওই কলেজে ৫০ জনের অপেক্ষমাণ তালিকার প্রায় সবাই জিপিএ-৫ এবং এর ওপরে পেয়েছে। কিন্তু তদবির করা হয় এর চেয়ে অনেক নিম্ন মানের শিক্ষার্থীদের জন্য।
এ ব্যাপারে সিটি করপোরেশনের শিক্ষাবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর রেখা আলম চৌধুরী বলেন, ‘একটা ভুল-বোঝাবুঝির কারণে আসলে অনিয়মের অভিযোগ তোলা হয়। পরে তদন্ত করে দেখা যায়, কোনো অনিয়ম হয়নি। কলেজের জায়গাদানকারী ব্যক্তির আত্মীয় পরিচয়দান ওই মেয়েটি অপেক্ষমাণ তালিকায় ছিল। আমরা তাকে পোষ্য হিসেবে ভর্তির সুযোগ দিতে পারব।’
কাউন্সিলরদের পক্ষ থেকে নিম্ন মানের শিক্ষার্থীদের ভর্তি করানোর তদবির প্রসঙ্গে রেখা আলম চৌধুরী বলেন, ‘আমরা যেহেতু জনপ্রতিনিধি, তাই আমাদের কাছে অনুরোধ আসবেই। কিন্তু আমরা নিয়মের বাইরে গিয়ে ভর্তির সুযোগ নেব না। ভর্তি হওয়া কেউ কেউ অন্য কলেজে চলে গেছে, সেসব খালি আসনে ভর্তি করানো যাবে।’
অনলাইনে ভর্তির ক্ষেত্রে আবেদনকারীদের মধ্যে অপেক্ষমাণ তালিকা বাদ দিয়ে ভর্তির সুযোগ আছে কি না, জানতে চাইলে চট্টগ্রাম বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া বলেন, ‘মেধার ভিত্তিতে শূন্য আসন থাকা সাপেক্ষে অপেক্ষমাণদের ভর্তি করাতে হবে আগে। এর পরও আসন খালি হলে মেধার ভিত্তিতে অনলাইনে আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ভর্তি করাতে হবে।’