কাউন্সিলরদের নানা কর্মসূচি পালন
স্বেচ্ছাচারিতার অভিযোগে নাটোরের গোপালপুর পৌরসভার প্রকৌশলী ও হিসাবরক্ষককে গতকাল বুধবার বের করে দিয়ে তাঁদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন কাউন্সিলররা। এদিকে নাটোরের গুরুদাসপুর পৌরসভার কাউন্সিলরদের অনির্দিষ্টকালের কলমবিরতি গতকাল থেকে শুরু হয়েছে।
গোপালপুর পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা বলেন, যেকোনো সিদ্ধান্ত গ্রহণ ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেন সহকারী প্রকৌশলী, হিসাবরক্ষক ও মেয়র। কাউন্সিলরদের সঙ্গে এসব ব্যাপারে তাঁরা আলোচনা করেন না। সব মিলিয়ে কাউন্সিলররা পৌরসভা পরিচালনায় একেবারে অন্ধকারে আছেন।
কাউন্সিলর আবদুল বারী, নাজির উদ্দিন, জামিরুল ইসলামও প্যানেল মেয়রের বক্তব্য সমর্থন করে বলেন, তাঁরা নির্বাচিত হওয়ার পর দুটি অর্থবছর পার হতে চলছে। এখন পর্যন্ত তাঁদের স্ব-স্ব নির্বাচনী এলাকায় রাস্তা নির্মাণের জন্য একটি ইটও ফেলা সম্ভব হয়নি। এ ছাড়া রোড লাইট, স্যানিটেশন ইত্যাদি জনকল্যাণমূলক কাজে তাঁরা কোনো ভূমিকা রাখতে পারছেন না। পৌরসভার উন্নয়নকল্পে এখন পর্যন্ত এডিবির ৫০ লাখ টাকা এসেছে। এ টাকা কীভাবে খরচ হয়েছে, তা-ও তাঁরা জানেন না। বৃহস্পতিবার হাটবাজার ইজারার টেন্ডার হবে, অথচ কাউন্সিলররা তা জানেন না। এতে তাঁরা ক্ষুব্ধ হয়ে গতকাল সকাল ১০টার দিকে সহকারী প্রকৌশলী ও হিসাবরক্ষককে বের করে দিয়ে তাঁদের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন।
সহকারী প্রকৌশলী নূরনবী সরকার বলেন, ‘সবকিছু নিয়ন্ত্রণ (কন্ট্রোল) করেন মেয়র সাহেব। মেয়রের নির্দেশের বাইরে আমি কিছু করতে পারি না। অথচ সব চাপ আমার ওপর।’
তবে তালা লাগানোর ঘটনা অস্বীকার করে পৌরসভার মেয়র নজরুল ইসলাম বলেন, দেশব্যাপী কর্মবিরতির অংশ হিসেবে কাউন্সিলররা তাঁদের কর্মবিরতি পালন করছেন।
এদিকে বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গুরুদাসপুর পৌরসভার কাউন্সিলরদের অনির্দিষ্টকালের কলমবিরতি বুধবার থেকে শুরু হয়েছে।
কয়েকজন কাউন্সিলর বলেন, কলমবিরতির আগে তাঁেদর দাবি-সংবলিত ব্যানার নিয়ে পৌরসভার গেটের সামনে তাঁরা মানববন্ধন করেন।