কাউন্সিলরদের সম্মানী ভাতা বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর কাউন্সিলরদের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধিসহ আট দফা দাবিতে মানববন্ধন করেছেন মানিকগঞ্জের দুটি পৌরসভার কাউন্সিলররা। গতকাল সোমবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশ নেন প্রথম শ্রেণির মানিকগঞ্জ পৌরসভা এবং দ্বিতীয় শ্রেণির সিঙ্গাইর পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা। মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আরশেদ আলীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কাউন্সিলর রতন মজুমদার, সুভাষ সরকার, আবুল কালাম আজাদ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাবিহা হাবিব এবং সিঙ্গাইর পৌরসভার প্যানেল মেয়র সমেজ উদ্দিন, হারুন-অর রশিদ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর জেসমিন আক্তার।
আরশেদ আলী বলেন, বৈষম্য কমাতে কাউন্সিলরদের মাসিক সম্মানী ভাতা বাড়াতে হবে। পৌর পরিষদের সিদ্ধান্ত ছাড়া দেশি-বিদেশি প্রকল্প বাস্তবায়ন, কর্মচারী নিয়োগ, দরপত্র আহ্বান, হাট-বাজার ইজারা দেওয়া যাবে না—মর্মে বিধান থাকতে হবে। বিভিন্ন প্রকল্পে কাউন্সিলরদের তদারকি ও প্রত্যয়নপত্র দেওয়ার বিধানও থাকতে হবে।