সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র থেকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম প্রত্যাহারের দাবিতে সিটি করপোরেশনের কাউন্সিলররা ১৫ দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছেন।
গতকাল রোববার দুপুরে সিটি করপোরেশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন কাউন্সিলররা। আগামী ২ ডিসেম্বর পর্যন্ত তাঁদের এই কর্মসূচি চলবে। সংবাদ সম্মেলন থেকে আজ সোমবার ‘আমরা সিলেটবাসী’ আহূত হরতালেও তাঁরা সমর্থন জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী। কর্মসূচির মধ্যে রয়েছে গণসংযোগ (সিলেট নগরের সব শ্রেণি-পেশার সংগঠন ও ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় ও গণস্বাক্ষর সংগ্রহ), কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতীকী কর্মবিরতি, মানববন্ধন, আলোর মিছিল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান এবং নগর ভবন প্রাঙ্গণে গণসমাবেশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন: ছালেহ আহমদ চৌধুরী, সৈয়দ মিসবাহ উদ্দিন, দিনার খান, রেজওয়ান আহমদ, সিকান্দর আলী, আবদুল জলিল, মো. রাজিক মিয়া, এ বি এম জিল্লুর রহমান, আবদুল মুহিত প্রমুখ। তবে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলররা উপস্থিত ছিলেন না।