ঝালকাঠি পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের মধ্যে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে৷ মেয়রের দাপটে কোণঠাসা হয়ে পড়েছেন ১০ জন কাউন্সিলর৷ ঠিকাদারি কাজে অনিয়ম, নিয়োগ-বাণিজ্য, অবৈধভাবে অটোরিকশার লাইসেন্স প্রদান, গাছ আত্মসাৎ করাসহ নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাত মাস ধরে পৌরসভার সব কাজ থেকে নিজেদের সরিয়ে রেখেছেন কাউন্সিলররা৷
মেয়র-কাউন্সিলরদের এই দ্বন্দ্বের কারণে মূলত এলাকার সাধারণ মানুষকেই ভোগান্তি পোহাতে হচ্ছে৷
কাউন্সিলরদের অভিযোগ, মেয়র পৌরসভার সব ঠিকাদারি কাজ তাঁর নিজস্ব লোকজন ও আত্মীয়স্বজনের মধ্যে বণ্টন করেন৷ এ ব্যাপারে তাঁরা ২০১৩ সালের অক্টোবরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সচিবের কাছে লিখিত অভিযোগ দেন৷ পরে এলজিআরডির উপসচিব খলিলুর রহমানের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন অভিযোগের তদন্ত করে চলতি বছরের জানুয়ারিতে প্রতিবেদন দেন৷ এ ছাড়া মেয়রের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগে সংবাদ সম্মেলন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ১০ জন কাউন্সিলর৷
তবে কাউন্সিলরদের এসব অভিযোগ অস্বীকার করে মেয়র আফজাল হোসেন বলছেন, অনৈতিক দাবি না মানায় কাউন্সিলররা এক প্রভাবশালী নেতার ইন্ধনে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পৌরসভার উন্নয়নকাজে বাধা দিচ্ছেন৷
পৌরসভা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৪ মার্চ পৌরসভার নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন মেয়র নির্বাচিত হন৷ পাশাপাশি পৌরসভার নয়টি ওয়ার্ডে নয়জন কাউন্সিলর ও তিনজন মহিলা কাউন্সিলর নির্বাচিত হন৷ প্রথম দুই বছর তাঁরা মিলেমিশে কাজ করলেও ২০১৩ সালের অক্টোবর থেকে মেয়রেরর সঙ্গে আট কাউন্সিলর ও দুই মহিলা কাউন্সিলরের দ্বন্দ্ব শুরু হয়৷ ওই কাউন্সিলররা মেয়রের বিরুদ্ধে মাসিক সভায় আলোচনা ছাড়াই প্রকল্প অনুমোদন ও কৌশলে সভার সদস্যদের স্বাক্ষর নিয়ে রেজল্যুশন তৈরি করার অভিযোগ তোলেন৷
২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেন ও ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবির খান অভিযোগ করেন, মেয়র আফজাল ও প্যানেল মেয়র প্রণব কুমার নাথ পরিবেশ ও বন কমিটির অনুমোদন না নিয়ে পুরোনো কলেজ সড়ক ও নতুন কলেজ সড়কের এক কোটি টাকা মূল্যের ২০০টি মেহগনি ও রেইনট্রি গাছ কেটে আত্মসাৎ করেছেন৷ পরিচালককে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন৷
১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম অভিযোগ করেন, গত বছর পৌরসভা থেকে অবৈধভাবে ব্যাটারিচালিত তিন শতাধিক অটোরিকশার লাইসেন্স দেওয়া হয়েছে৷ মেয়র প্রতিটি অটোরিকশা থেকে ১৫ থেকে ২০ হাজার টাকা করে নিয়েছেন৷
কাউন্সিলররা অভিযোগ করেন, গত তিন বছরে ঘুষ নিয়ে পৌরসভায় ৪০ জন কর্মচারী নিয়োগ দিয়েছেন মেয়র৷ প্রত্যেকের কাছ থেকে দুই থেকে চার লাখ টাকা করে নেওয়া হয়েছে৷ এ ছাড়া তাঁর শ্যালক সোহেল হোসেনকেও পৌরসভার পাম্পচালক পদে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে৷