নগরের আকবর শাহ এলাকায় দুই একর পাহাড় কেটে ফেলার কারণে গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনের একজন ওয়ার্ড কাউন্সিলরসহ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ আদালতের বিচারক কামরুন নাহার রুমির আদালতে শুনানির পর এই অভিযোগ গঠন হয়।
আদালত সূত্র জানায়, অভিযুক্ত দুই আসামি হলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম এবং ঠিকাদার খলিলুর রহমান। আগামী ৪ অক্টোবর আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
আদালত সূত্র আরও জানায়, ২০১৫ সালের ২৪ মে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল আকবর শাহ থানাধীন উত্তর পাহাড়তলী মৌজা পরিদর্শন করে দেখেন যে, সেখানে বিএস খতিয়ানের ১৭৮, ১৭৯ এবং ১৮০ দাগের ৩০-৪০ উচ্চতার প্রায় দুই একর পাহাড় কেটে ফেলা হয়েছে। এই পাহাড় লেকসিটি হাউজিং সোসাইটির প্রকল্প এলাকায় অবস্থিত।
আদালত সূত্র আরও জানায়, পাহাড় কাটার ঘটনায় ২০১৫ সালের ২৮ মে ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলমের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নাজনীন সুলতানা। পরে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা ফখর উদ্দিন চৌধুরী ঠিকাদার খলিলুর রহমানের সম্পৃক্ততা পান। তাই চলতি বছরের ১৪ মার্চ ওয়ার্ড কাউন্সিলরসহ দুজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়।
চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওয়ার্ড কাউন্সিলরসহ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। আগামী ৪ অক্টোবর থেকে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।