কাউন্সিলরসহ নয়জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনে চট্টগ্রামের সাতকানিয়ায় প্রতিদ্বন্দ্বী দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিতে ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় নবনির্বাচিত এক কাউন্সিলরসহ নয়জনের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে। নিহত নুরুল আমিনের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় সাতকানিয়া থানায় এ মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন ৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মোজাম্মেল হক। তাঁর দুই ভাই মুজিবুর রহমান ও মইনুল হককেও আসামি করা হয়েছে। মোজাম্মেল হক সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
মামলার বিষয়ে জানতে চাইলে নুরুন্নাহার বেগম বলেন, ‘আমরা কোনো দলের কারও বিরুদ্ধে মামলা করিনি। ঘটনার সঙ্গে যারা জড়িত বলে জেনেছি, তাদের বিরুদ্ধেই মামলা করেছি। আমি আমার স্বামী হত্যার বিচার চাই। হত্যাকারীদের গ্রেপ্তারের পর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
এ বিষয়ে নবনির্বাচিত কাউন্সিলর মোজাম্মেল হকের বক্তব্য জানতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু একাধিকবার ফোন করার পরও তিনি সাড়া দেননি।
পুলিশ জানায়, গত ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে সকাল ১০টার দিকে সাতকানিয়া সরকারি কলেজ কেন্দ্রের বাইরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ-সমর্থক কাউন্সিলর প্রার্থী মোজাম্মেল হক ও আবদুল হালিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ভোটকেন্দ্রে আসার পথে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান নুরুল আমিন (৪৮)। তিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোয়াজরপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাই বলেন, হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, সংঘর্ষের ওই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ওই এলাকার কাউন্সিলর প্রার্থীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। ৯ নম্বর ওয়ার্ডের কোনো কাউন্সিলর প্রার্থীকে দলের পক্ষ থেকে সমর্থন দেওয়া হয়নি। যে যাঁর ইচ্ছেমতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু যা ঘটেছে তা কারও কাম্য নয়।
এদিকে নুরুল আমিন হত্যার বিচারের দাবিতে গতকাল শুক্রবার সন্ধ্যায় ৯ নম্বর ওয়ার্ডের গোয়াজরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সমাবেশ ও মিছিল হয়েছে। এতে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আজম খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল হালিম (বর্তমান কাউন্সিলর), মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হারেজ মোহাম্মদ, নিহত ব্যক্তির ছোট ভাই নুরুল ইসলাম প্রমুখ।