কাউন্সিলরসহ পাঁচজনকে র্যাব পরিচয়ে অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও তাঁর সঙ্গে থাকা আরও চারজনকে র‌্যাবের সদস্য পরিচয়ে কিছু লোক অপহরণ করেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

আজ রোববার বেলা পৌনে দুইটার দিকে সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় জামিন নিয়ে বের হয়ে যাওয়ার পথে নারায়ণগঞ্জের আদালতপাড়া এলাকা থেকে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

কাউন্সিলর নজরুল ইসলামের সঙ্গে আরও যে চার ব্যক্তি অপহৃত হয়েছেন তাঁরা হলেন কাউন্সিলরের ব্যক্তিগত গাড়িচালক জাহাঙ্গীর, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সহসভাপতি তাজুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী মনিরুজ্জামান ওরফে স্বপন এবং তাঁর বন্ধু লিটন।

এদিকে আওয়ামী-সমর্থিত কাউন্সিলর নজরুল ইসলামকে অপহরণের ঘটনায় তাঁর সমর্থকেরা বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় আধঘণ্টা সড়ক অবরোধ এবং ১০ থেকে ১২টি যানবাহন ভাঙচুর করেছেন। পরে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেন।

অপহূত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম প্রথম আলোকে জানান, বেলা পৌনে দুইটার নারায়ণগঞ্জের আদালতে সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় জামিন নেন তাঁর স্বামী ও চার সহযোগী। তাঁরা একটি সাদা রঙের টয়োটা গাড়িতে চড়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সময় আদালতপাড়া এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়। সেলিনা ইসলাম আরও জানান, স্বামীর সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও তাঁরা ব্যর্থ হন এবং তাঁর মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

সেলিনা ইসলাম অভিযোগ করে বলেন, স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেন ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মো. ইয়াসিনসহ বেশ কয়েকজনের সঙ্গে তাঁর স্বামীর বিরোধ রয়েছে। তাঁর দাবি, র্যাবের পরিচয়ে তাঁরাই তাঁর স্বামীকে তুলে নিয়ে গেছে। স্বামীকে অক্ষত অবস্থায় ফেরত পাওয়ার দাবি জানান তিনি।

অভিযোগ অস্বীকার করে স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাউন্সিলর নূর হোসেন বলেন, নজরুল ইসলামকে অপহরণের বিষয়টি তিনিও শুনেছেন। তবে এই ঘটনায় তাঁর সম্পৃক্ততা নেই।

এ ব্যাপারে নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, কাউন্সিলর নজরুল ও তাঁর চার সহযোগীকে অপহরণ করা হয়েছে বলে তাঁর স্ত্রী অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে পুলিশ তাত্ক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অপহৃত সকলকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

এদিকে নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমান বলেছেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তিনি বলেন, ‘কাউন্সিলর নূর হোসেন ও নজরুল ইসলামের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে। কিন্তু এ নিয়ে অপহরণ ও গুমের মতো ঘটনা ঘটতে পারে বলে আমার মনে হয় না। এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করে কাউন্সিলর নজরুলকে উদ্ধারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, র‌্যাব ও পুলিশকে অনুরোধ জানানো হয়েছে।’

অপহূত নজরুল ইসলাম জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য। তাঁর বিরুদ্ধে জোড়া খুনসহ কমপক্ষে ১৫টি মামলা ও বেশ কিছু সাধারণ ডায়েরি রয়েছে।