কাউন্সিলরসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের পুলিশ কনস্টেবল মফিজ উদ্দিন হত্যা মামলায় সিটি করপোরেশনের এক কাউন্সিলরসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। গত বুধবার নারায়ণগঞ্জের বিচারিক হাকিম আদালতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযোগপত্র দাখিল করে। বিচারের জন্য মামলাটি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।
যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে তাঁরা হলেন ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজ মণ্ডল, শরীফ মহাজন, মোকতার, মামুন, মাসুম, আমিন, আলাউদ্দিন, জীবন বিশ্বাস, বিপ্লব, সিরাজুল, রেহান, রাশেদ, মরিয়ম বেগম, সজীব ও টুটুল। এর মধ্যে শরীফ মহাজন, মোকতার, মামুন, মাসুম, আমিন, আলাউদ্দিন, জীবন বিশ্বাস, সজীব ও টুটুল জেলহাজতে রয়েছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বিপ্লব, রেহান, সিরাজুল, সজীবসহ পাঁচজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তাঁরা বলেছেন, সিদ্ধিরগঞ্জের কয়েকজন চোরাই তেল ব্যবসায়ীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিলেন কনস্টেবল মফিজ। তিনি সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকায় তেল চুরি বন্ধ হয়ে যায়। এতে তেলচোরেরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এ কারণেই গত বছরের ১০ সেপ্টেম্বর মফিজউদ্দিনকে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকা থেকে অপহরণ করে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর লাশ কুমিল্লার দাউদকান্দির মতলব রোডের মানিককান্দি এলাকায় ফেলে রাখে।
কনস্টেবল মফিজ আড়াইহাজার থানায় কর্মরত থাকলেও পরিবার নিয়ে থাকতেন সিদ্ধিরগঞ্জের মুক্তিনগরে।