বগুড়ার ধুনট উপজেলায় মুন্টু মণ্ডল (২৮) নামের এক ট্রাকচালককে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যার ঘটনায় গত রোববার মামলা হয়েছে। মুন্টুর বাবা আবদুস সামাদ এক কাউন্সিলরসহ ১৬ জনকে আসামি করে ওই মামলা করেন।
স্থানীয় কয়েকজনের ভাষ্যমতে, উপজেলার চরপাড়া গ্রামের মুন্টু মণ্ডলের সঙ্গে এক গৃহবধূর পরকীয়া ছিল। ওই নারীর স্বামী ঢাকায় রিকশা চালান। গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই গৃহবধূর ঘরে যান মুন্টু। বাড়ির অন্য সদস্যরা টের পেয়ে তাঁকে আটক করেন। পরে তাঁরা ওই গৃহবধূ ও মুন্টুকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে বেদম মারধর করেন। একপর্যায়ে ভোর পাঁচটার দিকে মুন্টুকে শ্বাস রোধ করে হত্যার পর লাশ ঝুঁলিয়ে রাখা হয়।
পুলিশ রোববার বেলা ১১টার দিকে মুন্টুর লাশ উদ্ধার করে। পরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মুন্টুর বাবা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লিটন, ওই গৃহবধূ, তাঁর স্বামীসহ ১৬ জনকে আসামি করে রোববার রাতে মামলা করেন। পরে ওই গৃহবধূ ও তাঁর শাশুড়িকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহারে বলা হয়, আসামিরা ওই গৃহবধূকে দিয়ে কৌশলে মুন্টু ডেকে নিয়ে হত্যা করেছেন।
থানা হেফাজতে থাকা অবস্থায় ওই গৃহবধূ জানান, তাঁর দুই দেবর, চাচা শ্বশুরসহ শ্বশুরবাড়ির লোকজন মুন্টুকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করেছেন।’ কাউন্সিলর লিটন বলেন, ‘আমি মুন্টুর বাবা ও পরিবারের লোকজনকে ঘটনাস্থলে আসতে বলেছি। কিন্তু তাঁরা আসে নাই। এ কারণে আমি সেখান থেকে বাড়িতে চলে এসেছি। এরপর সেখানে কী হয়েছে আমার জানা নেই।’