ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার দুজন কাউন্সিলর, দুজন সাবেক প্রকৌশলী ও সাবেক সচিবসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের উপসহকারী পরিচালক পাল কমল চন্দ্র বাদী হয়ে গত ২৯ নভেম্বর বোয়ালমারী থানায় এই মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন পৌরসভার সাবেক সহকারী প্রকৌশলী দরপত্র মূল্যায়ন কমিটির আহ্বায়ক মেহেদী হাসান, সাবেক উপসহকারী প্রকৌশলী খন্দকার ফিরোজ আহমেদ, সাবেক সচিব মাশরেকুল আলম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বোয়ালমারীর সাবেক প্রকৌশলী রেজাউল করিম, পাউবোর সাবেক উপসহকারী প্রকৌশলী ওয়াহিদুর রহমান ভূঁইয়া, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন মৃধা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনেয়ারা এবং ঠিকাদার জাকির হোসেন। জাকির হোসেন মেয়র আবদুর শুকুর শেখের ভাই। এজাহারে বলা হয়েছে, জালিয়াতি করে সর্বনিম্ন দরদাতা হয়ে ২০১০-১১ অর্থবছরে ৮০ লাখ ৭১ হাজার টাকার রাস্তা সংস্কারের কাজ পান ঠিকাদার।